চীন: ক্ষমতা, দুর্নীতি ও কমিউনিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বিশ্লেষকদের মতে, সিপিসিকে বাইরে থেকে পাথরের মতো কঠিন ও সুরক্ষিত মনে হলেও দলটিতে ভেতরে ভেতরে অবক্ষয় শুরু হয়েছে। চীনের ১৩০ কোটি মানুষের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দলটির অষ্টাদশ সম্মেলনে অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সিপিসির গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হলে দুর্নীতি প্রতিরোধ করা অপরিহার্য।দুর্নীতির কারণে দলটির ছয় দশকের শাসনব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সিপিসির বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দুর্নীতি নিয়ে আলোচনা করেন।সিপিসির শানশি প্রদেশ শাখার সাধারণ সম্পাদক ইউয়ান চাংকিং বলেন, দুর্নীতি দমনের ওপর কয়েক বছর ধরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সদস্যদের ওপর নজরদারির জন্য ওয়েবক্যাম ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া মার্ক্সবাদ-লেনিনবাদপড়তে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শুদ্ধ জীবনযাপনে সবাই আরও আগ্রহী হয়ে ওঠে। প্রধানমন্ত্রী জিয়াবাওসহ সিপিসির নেতাদের পরিবার দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত খবর সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছে। দলটির সাবেক নেতা বো শিলাই দুর্নীতির অভিযোগে দল থেকে অব্যাহতি পেয়েছেন। দেশটিতে আগামী এক দশকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে। ফলে সিপিসির অভ্যন্তরে দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার সুযোগও অনেক বেড়ে যাবে।দুর্নীতিবিরোধী একটি ওয়েবসাইট পরিচালনা করেন লি শিন্দে। সিপিসির অনেক নেতার দুর্নীতির খবর ফাঁস করেছে ওই ওয়েবসাইট। শিন্দে বলেন, এখানে কারও জবাবদিহিতা নেই। তাই দুর্নীতির বিভিন্ন তথ্য জনসমক্ষে প্রকাশ করা অনিবার্য হয়ে পড়েছে। সিপিসির সম্ভাব্য নতুন নেতা শি জিনপিংয়ের আত্মীয়দের সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজ। বিবিসি।