চীনকে দালাই লামার সঙ্গে আলোচনায় বসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রধান ধর্মগুরু ডেসমন্ড টুটুসহ ১২ জন নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনা শুরুর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত কয়েক দিনে তিব্বতের বেশ কয়েকজন নাগরিক আত্মাহুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্টকে লেখা একটি চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বেইজিংয়ের শাসনের বিরুদ্ধে ২০১১ সালের মার্চের শুরু থেকে এ পর্যন্ত তিব্বতের ৩০ জনের বেশি নাগরিক গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেন। তাঁদের অনেকেই বৌদ্ধভিক্ষু।প্রেসিডেন্ট হু জিনতাওকে লেখা ওই চিঠিতে নোবেলজয়ীরা বলেন, ‘আত্মাহুতির মধ্য দিয়ে তিব্বতের মানুষ তাদের অসন্তোষের যে ভয়াবহ অভিব্যক্তি তুলে ধরেছে, তাতে আন্তর্জাতিক সমপ্রদায় উদ্বিগ্ন। চিঠিতে বলা হয়, চীনা সরকারের উচিত তাঁদের কথা শোনা, তাঁদের দুঃখ-দুর্দশা অনুধাবন ও সংকটের অহিংস সমাধান খুঁজে বের করা। চিঠিতে আরও বলা হয়, আমাদের বন্ধু ও ভাই দালাই লামা এ ধরনের সমাধানের প্রস্তাব দিয়েছেন।তিব্বতকে চীন থেকে বিচ্ছিন্ন করতে তিব্বতের জনগণকে বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য বেইজিং বারবার দালাই লামাকে অভিযুক্ত করে আসছে। তবে তিব্বতের এই আধ্যাত্মিক নেতা এ অভিযোগ অস্বীকার করেন। এএফপি।