চীনকে নাৎসিদের সঙ্গে তুলনা করলেন মার্কিন আইনপ্রণেতারা
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা চীনকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন। তাঁরা বলেছেন, বেইজিং এডলফ হিটলারের নাৎসি সরকারের মতো স্বৈরাচারী আচরণ করছে। চীন এ বছর শান্তিতে নোবেল পাওয়া সে দেশের কারাবন্দী লিউ সিয়াওবোকে পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যেতে দেবে না বলে জানিয়ে দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তাঁরা এ মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সিয়াওবোকে সেখানে যেতে দেওয়ার অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে।ওয়াশিংটনে গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতারা লিউ সিয়াওবোর মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে প্রতিনিধি পরিষদের সদস্য ও রিপাবলিকান দলের নেতা ফ্রাঙ্ক উলফ্ বলেন, শুক্রবার নরওয়েতে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে সিয়াওবোকে যেতে বাধা দিচ্ছে চীন। এর মাধ্যমে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসি জার্মানি, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এ সময়ের মিয়ানমারের কুখ্যাত স্বৈরাচারী সরকারগুলোর দলে নাম লেখাতে যাচ্ছে।ফ্রাঙ্ক উলফ্ বলেন, ‘নাৎসি জার্মানি, সোভিয়েত ইউনিয়ন এবং মিয়ানমারের দলে ভিড়তে চীনের লজ্জা পাওয়া এবং বিব্রতবোধ করা উচিত।’লিউ সিয়াওবো চীনের ভিন্নমতাবলম্বী ও সংস্কারপন্থী সমাজকর্মী। তিনি অন্য একজন লেখকের সঙ্গে যৌথভাবে চীনে একদলীয় সমাজতন্ত্রের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চার্টার ০৮’ শিরোনামের একটি ইশতেহার লেখেন। এ কারণে তাঁকে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার দায়ে ২০০৯ সালের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সিয়াওবোকে মুক্তি দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে যোগ দেওয়ার সুযোগ দিতে চীনের প্রতি আহ্বান জানায়। তবে চীন বরাবরই সে দাবি প্রত্যাখ্যান করে আসছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এ বছর ওই অনুষ্ঠানে যোগ দেবেন। রিপাবলিকান নেতারা পেলোসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, এর মাধ্যমে চীনের গণতন্ত্রপন্থীদের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে বলে একটি জোরালো বার্তা পৌঁছে যাবে। রিপাবলিকান নেতা ইলিয়ানা রোস লেহিটনেন বলেন, ১৯৩৫ সালে জার্মানির নোবেলজয়ী কার্ল ফন ওযিয়েৎস্কিকে হিটলার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যেতে দেননি। একইভাবে ১৯৭৫ সালে আঁন্দ্রেই সাখারোভকে বাধা দেয় সাবেক সোভিয়েত সরকার। অন্যদিকে ১৯৯১ সালে অং সান সু চিকে অনুষ্ঠানে যেতে বাধা দেয় মিয়ানমারের জান্তা সরকার। তিনি বলেন, চীন এখন তাদের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে। এএফপি।