চীনকে সেনা প্রত্যাহারের আহ্বান ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয়ের একটি বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের কাছে এ আহ্বান জানায়।ভারতের পশ্চিম সীমান্তবর্তী হিমালয়সংলগ্ন একটি এলাকা নিয়ে চীন ও ভারতের মধ্যে বিরোধ চলে আসছে। ভারতের অভিযোগ, চীনা সেনারা বিরোধপূর্ণ ওই এলাকার দিকে অগ্রসর হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন গতকাল নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা চীনকে পশ্চিম সীমান্তের ওই সেক্টরে স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আমি আগে যে যেমন অবস্থায় ছিল, তেমন অবস্থা বজায় রাখাকে বুঝিয়েছি।’মুখপাত্র আরও বলেন, বৌদ্ধধর্মাবলম্বী-অধ্যুষিত ভারতের কাশ্মীরের লাদাখ অঞ্চলের অনির্ধারিত সীমান্ত নিয়ে দেশ দুটির মধ্যে মতবিরোধ রয়েছে। আর এটিই দুই দেশের মধ্যে বিরোধের মূল উৎস। তিনি বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ আছে। উভয় দেশের সেনারা একে অপরের মুখোমুখি হলে তারা সর্বোচ্চ সংযম দেখাবে এবং উত্তেজনা পরিহারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। মুখপাত্র আরও জানান, দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পরিস্থিতি অবহিত করা হয়েছে। এ ছাড়া স্থানীয় কমান্ডারদের মধ্যে বৈঠক প্রক্রিয়াধীন রয়েছে।তবে চীন সীমান্ত চুক্তি ভঙ্গ করে ভারতের মাটিতে অনুপ্রবেশের কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, তথাকথিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত সীমান্তে শান্তি রক্ষায় ১৯৯৩ ও ১৯৯৬ সালে দেশ দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এএফপি।