চীনা শিশুদের আবাসিক স্কুলে দেওয়ার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংহাইয়ে আবাসিক কিন্ডারগার্টেন স্কুলে পুতুল খেলায় মগ্ন শিশুরা। ছবি: সৌজন্যে বিবিসি।
সাংহাইয়ে আবাসিক কিন্ডারগার্টেন স্কুলে পুতুল খেলায় মগ্ন শিশুরা। ছবি: সৌজন্যে বিবিসি।

চার বছরের ফুটফুটে কেলি জিয়াং লাফিয়ে লাফিয়ে ঢুকছে তার কিন্ডারগার্টেনের ক্লাসরুমে। কয়েক কদম পেছনে থাকা বাবা-মাকে বিদায় জানিয়ে শিগগিরই সে মিশে গেল শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে।
বাবা-মাকে ছেড়ে আসলে তার চোখে জল ছিল না। মন খারাপ হয়নি। পরের চারটি দিন তার বাবা-মাকে দেখতে, এমনকি কথাও বলতে পারবে না।
সাংহাইয়ে আবাসিক কিন্ডারগার্টেন স্কুলের তিন-চার বছর বয়সী শিক্ষার্থীদের একজন কেলি। সোমবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তারা উজ্জ্বল রঙে সাজানো শ্রেণীকক্ষে ও পাশে থাকা শোবার ঘরে খেলার ছলে অনেক কিছু শেখে,  খায় ও ঘুমায়। সপ্তাহ শেষে তারা বাড়ি যায়।
শুধু সাংহাইয়ে নয়, বেইজিংসহ চীনের অন্য বড় বড় শহরেও এ ধরনের কিন্ডারগার্টেন রয়েছে। চীনের সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী সবকিছুর ওপর পরিবারকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এর পরও আবাসিক কিন্ডারগার্টেনে সন্তানদের পাঠানোর পেছনে বিশেষ এক তাত্পর্য রয়েছে। শৈশব থেকে সন্তানদের আত্মনির্ভরশীল ও স্বাধীন হতে বাবা-মায়েরা এ উদ্যোগ নিয়ে থাকেন।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে জানানো হয়, সাংহাইয়ে চায়না ওয়েলফেয়ার ইনস্টিটিউটের সম্পৃক্ত ক্যাংকিয়াও কিন্ডারগার্টেনের নির্বাহী অধ্যক্ষ হু জিং বলেন, অনেকে মনে করেন এটি শিশুদের জন্য ভালো। কেননা এই পরিবেশ তাকে স্বাধীনভাবে বেড়ে উঠতে সহায়তা করে। আবার অনেক অভিভাবকের পক্ষে সন্তানদের দেখাশোনা করার জন্য পর্যন্ত সময় ও সামর্থ্য থাকে না।

সাংহাইয়ে আবাসিক কিন্ডারগার্টেন স্কুলে খাবার খাচ্ছে শিশুরা। ছবি: সৌজন্যে বিবিসি।
সাংহাইয়ে আবাসিক কিন্ডারগার্টেন স্কুলে খাবার খাচ্ছে শিশুরা। ছবি: সৌজন্যে বিবিসি।


চীনের ঐতিহ্য অনুযায়ী অনেক দাদা-দাদি তাদের পরিবারের সঙ্গেই থাকেন। এমনও দেখা গেছে কোনো পরিবারে দাদা-দাদি হয়তো চারজন, অভিভাবক দুজন আর বাড়িতে শিশু মাত্র একটি। অনেক অভিভাবক মনে করেন, দাদা-দাদিরা শিশুটিকে আদর দিয়ে বিগড়ে দেবেন। তাই তাঁরা সন্তানকে আবাসিক স্কুলে পাঠিয়ে দেন।
কেলির বাবা জেমি জিয়াং একজন বিনিয়োগ পরামর্শক। কিন্ডারগার্টেনে রাখতে গিয়ে সন্তানের পেছনে তাঁকে এক হাজার ডলার গুনতে হয়।
জেমি বলেন, ‘আমরা অনেক গবেষণা করে দেখেছি, আবাসিক কিন্ডারগার্টেন শিশুদের জন্য উপকারী। এই পরিবেশ শিশুদের স্বাধীনচেতা হতে এবং অনেক কিছু শিখতে সাহায্য করে।’  তিনি বলেন, ‘আমাদের কেলি খুবই প্রাণোচ্ছল শিশু। তাই সে ওই পরিবেশে কেমন মানিয়ে নিতে পারে, তা পরীক্ষা করে দেখার জন্য সেখানে পাঠাই। এরপর তার কাছে জানতে চাইলে সে সেখানে থাকার আগ্রহ দেখায়।’
এসব কথা বলতে বলতে বাবা জেমির চোখ দুটি অশ্রুসজল হয়ে ওঠে। কারণ বাড়িতে ছোট্ট মেয়েটির অভাব তিনি প্রচণ্ডভাবে অনুভব করেন।

চীনে গৃহযুদ্ধের পর এতিম শিশুদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তাদের দেখাশোনা করার জন্য ১৯৪৯ সালে আবাসিক কিন্ডারগার্টেন স্কুল গড়ে ওঠে। ষাটের দশকে এর সংখ্যা বাড়তে থাকে। ওই সময় শিশুদের এ ধরনের স্কুলে পাঠানো ছিল ফ্যাশনের একটি অংশ।

খেলার ছলে শিশুদের শেখানো হয় অনেক কাজ। ছবি: সৌজন্যে বিবিসি।
খেলার ছলে শিশুদের শেখানো হয় অনেক কাজ। ছবি: সৌজন্যে বিবিসি।

বর্তমানে এসব স্কুলের জনপ্রিয়তা কমে আসছে। ব্যক্তিমালিকানাধীন ও সরকারের পরিচালিত এমন অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। অনেক স্কুল আবার দিবাযত্ন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। ক্যাংকিয়াও কিন্ডারগার্টেন বিশেষ আবাসিক স্কুল হিসেবে পরিচালিত হয়। তবে এখন সেখানে ২২টি শ্রেণীর মধ্যে তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে।
ক্যাংকিয়াও কিন্ডারগার্টেনের নির্বাহী অধ্যক্ষ হু জিং বলেন, ‘চীনা অভিভাবকেরা এখন শিশুদের সঙ্গে বেশি সময় কাটানোর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছেন। কেননা এটি শিশুদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়। তবে আমরা এটাও পরামর্শ দিয়ে থাকি, যদি অভিভাবকদের সময় এবং সামর্থ্য থাকে তাহলে বিকল্প হিসেবে দিবাযত্ন কেন্দ্র ভালো।
এদিকে মনস্তত্ত্ববিদ হ্যান মেই লিং আবাসিক কিন্ডারগার্টেনের কঠোর সমালোচনা করে বলেন, অনেক প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরী কিন্ডারগার্টেনের ভয়াবহ অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিজেদের পরিত্যক্ত ও অপাঙক্তেয় মনে করে।
ক্যাংকিয়াও কিন্ডারগার্টেন ঘুরে দেখা গেছে, দিনের বেলায় শিশুরা খেলাধুলার ও মজা করার মধ্যে ব্যস্ত থাকলে ঘুমানোর সময় বেশির ভাগ শিশুর চোখে বাবা-মায়ের জন্য জল থাকে। কিন্ডারগার্টেনের প্রশাসনিক কর্মকর্তা হোয়াই ইয়ং আশ্বস্ত করে বলেন, শিক্ষাবর্ষের  শুরুর দিকের রাতগুলোতে শিশুরা কান্নাকাটি করে। কিন্তু দুই মাস পরেই আর কোনো শিশু ঘুমাতে গেলে কান্না করে না। শিশুদের কাছে তাদের আপনজনদের ছবি থাকে। মন খারাপ হলে তারা ছবির সঙ্গে এমনভাবে কথা বলে, যেন তাদের পরিবার পাশেই রয়েছে।