চীনা সৌর প্যানেলের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র চীন থেকে সৌর প্যানেল আমদানির ওপর ‘শাস্তিমূলক’ শুল্ক আরোপ করেছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে একের পর এক বাণিজ্যবিরোধের এটি সাম্প্রতিকতম ঘটনা। এক প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘সংরক্ষণবাদী আচরণ’ বলে অভিহিত করেছে।মার্কিন বাণিজ্য দপ্তর থেকে গত বৃহস্পতিবার ওই পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। এ শুল্কহার চীনা কোম্পানিগুলোর প্রত্যাশার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বার্থের অনুকূলে পদক্ষেপ গ্রহণের ঘোষণার পর চীনা পণ্যের ওপর এ শুল্ক আরোপ করা হলো। মার্কিন ওই প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, চীনা রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের বাজার দখল করতে হ্রাসকৃত মূল্যে প্যানেল সরবরাহ করছেন।কোনো কোনো বিশ্লেষক বলছেন, এ পদক্ষেপের ফলে চীনা কোম্পানিগুলো এখন সৌর প্যানেলের বিকল্প বাজার খোঁজা শুরু করতে পারে।যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন দানিয়াং এক বিবৃতিতে বলেন, মার্কিন এ সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে। এ ছাড়া চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন জ্বালানি খাতে উদ্দেশ্যমূলকভাবে বাণিজ্য-দ্বন্দ্ব উসকে দিয়ে যুক্তরাষ্ট্র বাণিজ্য সংরক্ষণ বিষয়ে বিশ্বে এক নেতিবাচক বার্তা পাঠাচ্ছে। রয়টার্স ও এএফপি।