চীনে আগুনে ১১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের জিলিন প্রদেশে আজ সোমবার মুরগির মাংস প্রক্রিয়াকরণের একটি স্থাপনায় আগুন লেগে অন্তত ১১২ জন মারা গেছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে দেহুই শহরে ওই স্থাপনায় আগুন লাগে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, আগুন মোটামুটি নেভানো সম্ভব হয়েছে।ফলে মৃতদেহগুলো কারখানা থেকে বের করে আনা যাচ্ছে।

বৈদ্যুতিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে সেখানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় লোকজন জানায়। তবে আগুন লাগার সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল।

সিনহুয়া জানায়, প্রায় ১০০ জন কর্মী ওই স্থাপনা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। ভবনের নির্মাণকাঠামো জটিল এবং বের হয়ে আসার পথ সংকীর্ণ হওয়ায় উদ্ধারকাজ পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, ভবনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। তবে কত জন, তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

কারখানা থেকে বের হয়ে আসা একজন কর্মী মিস ওয়াং জানান, ‘আমি বের হয়ে পেছনে তাকিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাই।’

জিলিন বাইয়ুয়ানফেং পোল্ট্রি কোম্পানি নামের এই কারখানায় ১২শ কর্মী কাজ করে।প্রতি বছর এই কারখানা থেকে ৬৭ হাজার টন পণ্য উত্পাদন করা হয়।