চীনে উন্মুক্ত সমাজ চালুর আহ্বান দালাই লামার
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ চীনে উন্মুক্ত সমাজ চালু করে তাঁর তিব্বত মুক্তির প্রচারাভিযানে সহায়তা করতে পারে।কেভারলি হিলসে গত শনিবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে দালাই লামা বলেন, ‘সমস্যার মূলে আছে সেন্সরশিপ। আমাদের ইস্যুটি চীনের জনগণের জানার কোনো সুযোগ নেই।’দালাই লামা আরও বলেন, ‘চীন একবার উন্মুক্ত সমাজের দেশে পরিণত হলে বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যপ্রবাহের স্বাধীনতা—এসব নিয়ে অযথা ভয়ভীতি, সন্দেহ কমে আসবে। আর এটাই হচ্ছে সমস্যার আসল সমাধান। যুক্তরাষ্ট্র এই পরিবর্তন ঘটানোয় সাহায্য করতে পারে।’একই সঙ্গে দালাই লামা বলেন, তথ্যপ্রবাহের স্বাধীনতার অভাবের কারণেই চীন সরকার তাঁকে একজন দানব ও সন্ত্রাসী হিসেবে চিত্রিত করেছে। দানবের শিংয়ের মতো দুই আঙুল মাথার পেছনে তুলে ধরে কৌতুক করে তিনি বলেন, ‘আমি কি দেখতে দানবের মতো?’গুগুলের মতো পশ্চিমা ইন্টারনেট সার্চ ইঞ্জিন চীনে তথ্যপ্রাবাহের জন্য গুরুত্বপূর্ণ বলে দালাই লামা মন্তব্য করেন। তবে চীন সরকারের চাপের মুখে গুগুলও সেন্সরশিপ মেনে নিতে বাধ্য হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।চীন সরকার সেন্সরশিপ বন্ধ না করলে গুগুল গত মাসে চীনে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। রয়টার্স অনলাইন।