চীনে এক নারীকে ঝুঁকিপূর্ণ গর্ভপাতে বাধ্য করায় কর্মকর্তাদের সাজা
চীনে এক অন্তঃসত্ত্বা নারীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় জোরপূর্বক গর্ভপাত করানোর ঘটনায় সে দেশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে একজনকে বরখাস্ত এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফেং জিয়ানমেই নামের ওই অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাতে রাজি করাতে অভিযুক্ত কর্মকর্তারা ‘নিষ্ঠুরতার আশ্রয়’ নেন বলে এক তদন্তে দেখা গেছে। চীনের এক-সন্তাননীতি লঙ্ঘন করে ফেং গর্ভধারণ করেছিলেন। কিন্তু সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কর্মকর্তারা তাঁকে গর্ভপাতে বাধ্য করেন। পরে মৃত শিশুসহ তাঁর কিছু ছবি অনলাইনে প্রকাশিত হলে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।চীনের এক-সন্তাননীতির মূল লক্ষ্য, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৩০ কোটি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ নীতির কারণে সেখানকার নারীরা গর্ভপাতে বাধ্য হচ্ছেন।বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা মার্টিন পেইশনস বলেন, জনসংখ্যার লক্ষ্যমাত্রা পূরণে দেশটির কিছু কর্মকর্তা যে চরমপন্থার আশ্রয় নেন, ফেংয়ের ঘটনা তার একটি উদাহরণ। বিবিসি।