চীনে এক-সন্তাননীতি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হুনান প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল লংঘুই কাউন্টি। সেখানকার সাদাসিধে মানুষগুলো নিজেদের সন্তানদের লুকিয়ে ফেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দেখামাত্র। কেননা, ‘এক-সন্তাননীতির’ দোহাই দিয়ে ওই কর্মকর্তারা তাঁদের মোটা অঙ্কের জরিমানা করেন। আর জরিমানা দিতে না পারলেই ছিনিয়ে নিয়ে যান ছোট শিশুদের। পরে শিশুদের বিক্রি করে দেন কর্মকর্তারাই। কর্মকর্তাদের কাছে এটা বাড়তি আয়ের একটা উপায় হয়ে উঠেছে।২০০৫ সালের ডিসেম্বরের এক সকাল। ১৯ বছর বয়সী বাবা ইয়ুয়াং তাঁর দুই মাস বয়সী মেয়েকে নিয়ে বসে ছিলেন একটি বাসস্ট্যান্ডে। হঠাৎ একটি সরকারি গাড়ি থেকে নেমে এলেন পাঁচ-সাতজন। তাঁরা ইয়ুয়াংয়ের কাছে তাঁর বিয়ের সনদ দেখতে চাইলেন। বিয়ের সনদ না থাকায় তিনি তা দেখাতে পারলেন না। তখন ওই লোকগুলো বললেন, মেয়েকে রাখতে হলে তাঁকে ৭৪৫ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। দিতে না পারায় তাঁরা ইয়ুয়াংয়ের মেয়েকে নিয়ে গেলেন। ইয়ুয়াং আর তাঁর মেয়েকে ফিরে পাননি। ইয়ুয়াং একা নন, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে লংঘুই কাউন্টিতে এমন কমপক্ষে ১৬টি শিশু পরিবার পরিকল্পনা কর্মকর্তারা ছিনিয়ে নিয়ে গেছেন বলে সেখানকার লোকজন জানিয়েছে।এক-সন্তাননীতির কারণে চীনের দম্পতির জন্য একটির বেশি সন্তান নেওয়ার উপায় নেই। কিন্তু অনেক ক্ষেত্রে প্রথম সন্তান মেয়ে হওয়ার পর বাবা-মায়েরা দ্বিতীয় সন্তান নেওয়ার চেষ্টা করেন। আর এ কাজটা তাঁদের গোপনেই করতে হয়। এই সুযোগে চীনে শিশু অপহরণের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। কেননা, এ ক্ষেত্রে আইনের আশ্রয়ও নিতে পারেন না বাবা-মায়েরা। তবে লংঘুইয়ের বাবা-মায়েরা জানান, সেখানে সরকারি কর্মকর্তারাই শিশু অপহরণ করছেন। একাধিক সন্তানের খোঁজ পেলেই তাঁরা মোটা অঙ্কের অর্থ জরিমানা করে বসেন। জরিমানা না পেলে তাঁরা বাবা-মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যান শিশুদের। এরপর দত্তক দেওয়ার নামে বিক্রি করে দেন বিদেশিদের কাছে। টেলিগ্রাফ।