চীনে এক-সন্তাননীতির ৩০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বার গর্ভধারণের অভিজ্ঞতা এখনো মনে আছে হান মেইয়ের। চীনের এক-সন্তাননীতির শিকার হয়েছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকা। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ায় তাঁকে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হয়, বেতন কেটে নেওয়া হয় এবং একপর্যায়ে চাকরিচ্যুত হতে হয়।প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় হান মেই সন্তান প্রসবের এক মাস আগে থেকে প্রসবকালীন ছুটি পান। যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন, সেখানে ওই মাসের বেতন দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের আগের দিন পর্যন্ত তাঁকে কাজ করতে হয়। হাসপাতালে অস্ত্রোপচারের খরচও তাঁকেই বহন করতে হয়। আর এর সবই করতে হয়েছে চীনের আলোচিত এক-সন্তাননীতির কারণে।জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ১৯৮০ সালে এই এক-সন্তান আইনের বাস্তবায়ন করে। এতে সে দেশের অনেক দম্পতিকে একটি সন্তান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আলোচিত এই আইনটির ৩০ বছর পূর্তি হবে কাল শনিবার।দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে হানকে অনেক বড় ঝুঁকি নিতে হয়েছিল। এক-সন্তান আইন অনুযায়ী, কোনো দম্পতি দ্বিতীয় সন্তান জন্ম দিলে তাঁদের শাস্তি পেতে হবে। শাস্তি হিসেবে সন্তানের বিদ্যালয়ে পড়ার সুযোগ বাতিল, বেতন কর্তন ও জরিমানা করার বিধান রয়েছে।হান বলেন, ‘জরিমানা দেওয়ার সামর্থ্য না থাকলে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বাড়িঘর ভেঙে নিয়ে যেতেন, আসবাব ও অন্যান্য সামগ্রী নিয়ে যেতেন।’ তিনি জানান, পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নজরদারি থেকে তাঁর দ্বিতীয় সন্তানের কথা গোপন রেখেছিলেন এবং গ্রামবাসীও তাঁকে এ ব্যাপারে সাহায্য করেছিল। পরে আইন কিছুটা শিথিল করা হলে তিনি ওই সন্তানের জন্য সরকারি সুবিধাগুলো পেতে শুরু করেন। তবে সবাই হানের মতো ভাগ্যবান ছিলেন না।চীনের এই এক-সন্তান আইনের আওতামুক্ত রাখা হয়েছিল সংখ্যালঘু আদিবাসী ও কৃষকদের, যাদের প্রথম সন্তান মেয়ে এবং ওই সব দম্পতির, যাঁরা তাঁদের মা-বাবার একমাত্র সন্তান। এ আইনের কারণে এখন চীনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এ আইনের সমালোচকেরা। তাঁদের মতে, এর কারণে চীনে শিশুদের তুলনায় বয়স্ক মানুষের অনুপাত বেড়ে গেছে এবং নারী-পুরুষের সংখ্যাগত অসমতা সৃষ্টি হয়েছে।চীনের ন্যাশনাল কমিটি অন এজিংয়ের তথ্যানুযায়ী, দেশের ১৩০ কোটি জনসংখ্যার সাড়ে ১২ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের বেশি। ফলে একমাত্র সন্তানের ওপর ভার পড়েছে বাবা ও মাকে দেখাশোনা করার। এ ছাড়া এই নীতির কারণে মেয়েশিশু নিতে অনীহা ও গর্ভপাতের কারণে সেখানে ছেলেমেয়ের সংখ্যানুপাতে অসমতা সৃষ্টি হয়েছে। ২০০৫ সালের হিসাব অনুযায়ী, প্রতি ১০০ চীনা নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ১১৯। এ বছর এক সমীক্ষায় দেখা গেছে, সেখানে বিয়ের যোগ্য দুই কোটি ৪০ লাখ পুরুষকে বিয়ের জন্য ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।চীনের উপপ্রধানমন্ত্রী লি কেকিয়াংকে উদ্ধৃত করে সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নারী-পুরুষের সংখ্যাগত অসমতা কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। এএফপি।