চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রাদেশিক কার্যালয়ের কাছে গতকাল বুধবার কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের রাজধানী তাইউয়ান শহরে ওই হামলার খবর নিশ্চিত করেছে পুলিশ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, ঘটনাস্থলে মোট আটটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পুলিশ জানায়, সিপিসির প্রাদেশিক কার্যালয়ের কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণে একজন নিহত, একজন গুরুতর আহত ও সাতজন সামান্য জখম হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
কয়েক দিন আগেই রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে একটি রহস্যজনক ‘হামলার’ ঘটনা ঘটে। দ্রুতগামী একটি গাড়ি পথচারীদের চাপা দেওয়ার ঘটনায় আরোহীসহ পাঁচজনের মৃত্যু হয়। চীনে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারের কার্যক্রমে হতাশ নাগরিকদের একটি অংশ এসব ঘটনায় জড়িত বলে ধারণা করা হয়।
চীনে একদলীয় শাসনব্যবস্থার অধীনে জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার নামে কঠোর নিয়ন্ত্রণ আরোপিত রয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ দেশটিতে প্রায় নিয়মিত হলেও সহিংস হামলার ঘটনা বিরল।
তিয়েনআনমেনে গত সপ্তাহের গাড়ি দুর্ঘটনায় হতাহতের ঘটনাটির জন্য সরকার দূর-পশ্চিমের শিনজিয়াং অঞ্চলের ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। ওই এলাকায় সংখ্যালঘু মুসলমান উইঘুর জনগোষ্ঠীর বসবাস। চীনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন তিয়েনআনমেনের ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এ অভিযোগ উইঘুরদের অসন্তোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা মাত্র।
এমন এক সময়ে বিস্ফোরণটি ঘটল, যখন সিপিসির নেতারা বেইজিংয়ে একটি বহুল প্রত্যাশিত বৈঠক করতে যাচ্ছেন। অর্থনৈতিক সংস্কারের বিষয়টি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে গুরুত্ব পাবে। এএফপি।