চীনে কর ফাঁকি দিতে বাড়ছে বিবাহবিচ্ছেদ
আইনের ফাঁকফোকর গলে কর ফাঁকি দিতে গিয়ে চীনে বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয় বলে কয়েকটি সংবাদ সংস্থা জানায়।
গত মার্চে চীন সরকার কোনো দম্পতির আবাসিক সম্পত্তির বিক্রয়মূল্যের লভ্যাংশের ওপর ২০ শতাংশ কর আরোপ করে। তবে ওই আইনে থেকে যায় কিছুটা ফাঁকফোকর। যেমন—কোনো দম্পতির দুটি বাড়ি রয়েছে। বিচ্ছেদের পর তাঁরা প্রত্যেকে একটি করে বাড়ি নিজেদের নামে ভাগ করে নেন। আর তখন তাঁরা কিছু শর্ত সাপেক্ষে কর দেওয়া ছাড়াই ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন। পরে বিচ্ছেদ ঘটানো ওই দুজন আবার বিয়ে করতে পারেন।
সরকারি হিসাবের বরাত দিয়ে বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে জানানো হয়, করের এ বোঝা এড়াতে চলতি বছরের প্রথম নয় মাসে রাজধানী বেইজিংয়ে প্রায় চার হাজার দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটেছে; যা গত বছরের ওই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। একইভাবে সাংহাইয়ে একই সময় এই বিচ্ছেদের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তবে চংকিং মহানগরে এই আইন এখনো চালু না হওয়ায় সেখানে বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েছে ৭ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, গত চার বছরের তুলনায় বিচ্ছেদের সংখ্যা ‘অনেক বেড়েছে’।
বেইজিংয়ে সাবেক সিভিল অ্যাফেয়ার্স কর্মকর্তা ও বিবাহবিষয়ক বিশেষজ্ঞ লি জিওয়ি বলেন, বিচ্ছেদের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার পেছনে করের বিষয়টি রয়েছে। সরকারি আইনের ফাঁকফোকরের সুবিধা নিতে গিয়ে অনেকে নিজেদের সম্পর্কের ইতি টানছেন।’