চীনে কয়লাখনি থেকে ১১৪ জন শ্রমিক উদ্ধার
চীনের উত্তরাঞ্চলের সানজি প্রদেশের একটি কয়লাখনিতে আটকা পড়া ১১৪ জন খনিশ্রমিককে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় আগে খনিটি পানিতে প্লাবিত হলে সেখানে ১৫৩ জন শ্রমিক আটকা পড়েন।সানজি প্রদেশের একজন কর্মকর্তা লুও লিন বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, চীনের কয়লাখনিতে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধারকাজের ইতিহাসে এটি অলৌকিক ঘটনা। দুর্ঘটনার এত দিন পরও অনেক শ্রমিককে জীবিত উদ্ধার করা গেছে। তিনি জানান, নিখোঁজ আরও ৩৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। সানজি প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধান ঝাং বাউসুন বলেন, উদ্ধার হওয়া শ্রমিকদের বেশির ভাগই সুস্থ আছেন।গত শুক্রবারের পর জীবিত কাউকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন উদ্ধারকর্মীরা। কিন্তু গতকাল সকালে একজন শ্রমিককে উদ্ধার করা হলে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। প্রথম দফায় নয়জন শ্রমিককে উদ্ধার করা হয়। এরপর আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এএফপি।