ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে গতকাল বৃহস্পতিবার চীন সফরে গেছেন। ২০০৬ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী সে দেশে গেলেন। অ্যান্টনির এই সফরে দুই দেশের সীমান্তে শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর প্রতিবেশী চীন ও ভারত পরস্পরের আস্থা অর্জনে সচেষ্ট হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এমন একটা সময়ে চীন সফরে গেলেন, যখন ইতিমধ্যে পাঁচ দিনের সফরে সে দেশে রয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত মে মাসের নির্বাচনের পর নওয়াজের এটাই প্রথম বিদেশ সফর। তিন দিনের এ সফরে চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ানসহ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যান্টনি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সীমান্তে শান্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে দুই দেশের নেতারা আলোচনা করবেন।’গত মে মাসে হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমানায় সামরিক তৎপরতা নিয়ে পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিল্লির অভিযোগ, চীনা সেনারা ভারতের দাবি করা সীমানার প্রায় ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে তিন সপ্তাহ ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে স্থানীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও উভয় পক্ষ থেকে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটে। এএফপি।