চীনে জাপানি মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকর
মাদক পাচারের অপরাধে চীন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার একজন জাপানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। ১৯৭২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর এই প্রথম কোনো জাপানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন।বার্তা সংস্থার খবরে বলা হয়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে মিৎসুনোবু আকানো (৬৫) নামের ওই জাপানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৬ সালের সেপ্টেম্বরে উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান শহরের একটি বিমানবন্দর থেকে আকানোকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চীন থেকে আড়াই কেজি মাদকদ্রব্য জাপানে পাচার করার চেষ্টা করছিলেন। ২০০৮ সালের জুনে আকানোকে মৃত্যুদণ্ড দেন স্থানীয় আদালত এবং গত বছর ওই আদেশ বহাল রাখা হয়।এই ঘটনার প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা বলেন, ‘আকানোর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাটি দুঃখজনক। তবে আরেকটি দেশের বিচার প্রক্রিয়ার ব্যাপারে জাপানের বেশি কিছু করার ছিল না।’ জাপানি কর্তৃপক্ষ একাধিক খুনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করে।বার্তা সংস্থাটি জানিয়েছে, বেইজিংয়ের কর্মকর্তা আগামীকাল বৃহস্পতিবার নাগাদ আরও তিন জাপানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে জাপান সরকারকে অবহিত করেছে। তাঁরা হলেন—তেরুও তাকেদা (৬৭), হিরোনোরি উকাই (৪৮) ও কােসা মোরি (৬৭)। মাদক পাচারের অপরাধে তাঁরা এই শাস্তি পেতে যাচ্ছেন।মাদক পাচারের অপরাধে গত ডিসেম্বরে ব্রিটেনের নাগরিক আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করে চীন সরকার। এএফপি।