চীনে ৩৪ বছর বয়সী এক পুরুষের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলো। এদিকে অস্ট্রেলিয়ায় অন্তঃসত্ত্বা এক নারীর দেহে জিকা ধরা পড়েছে। দেশটিতে জিকায় আক্রান্ত তৃতীয় ব্যক্তি তিনি। খবর বিবিসির।
চীনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, জিকায় আক্রান্ত ওই ব্যক্তি চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংজির গানজিয়ান কাউন্টির বাসিন্দা। সম্প্রতি তিনি জিকার প্রাদুর্ভাব থাকা দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলায় গিয়েছিলেন। পরে তিনি হংকং ও ইউরোপ হয়ে চীনে ফেরেন। অবশ্য ভেনেজুয়েলায় অবস্থানকালেই জ্বর ও মাথা ঘোরাসহ তাঁর দেহে বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ এলাকার একটি হাসপাতালে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি স্বাভাবিকভাবে সেরে উঠছেন। পাশাপাশি চীনে জিকার প্রাদুর্ভাবের আশঙ্কা নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের যুক্তি, বর্তমানে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া বিদ্যমান থাকায় দেশটিতে জিকার ঝুঁকি কম। কারণ, শীতকালে জিকা ছড়ানোর জন্য দায়ী এডিস মশার উৎপাত থাকে না।
মূলত এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়াচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে যৌন সংসর্গের মাধ্যমেও তা ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আর জিকায় সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে রক্তদানের মাধ্যমেও এ ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি সেখানে আক্রান্ত ব্যক্তিদের থুতু ও প্রস্রাবেও জিকার উপস্থিতি শনাক্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, দেশটির কুইন্সল্যান্ডে বসবাসরত ওই অন্তঃসত্ত্বা নারী সম্প্রতি বিদেশ ভ্রমণের মাধ্যমে জিকা ভাইরাস বহন করে এনেছেন। গত মঙ্গলবার পরীক্ষার মাধ্যমে বিষয়টি ধরা পড়ে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।
এই কুইন্সল্যান্ডেরই দুই ব্যক্তির দেহে এর আগে জিকার অস্তিত্ব ধরা পড়েছে। তারাও বিদেশ সফরের মাধ্যমে এই ভাইরাসের সংস্পর্শে আসে।