চীনে ঝড় ও বন্যায় নিহত ১৬
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনি প্লাবিত হওয়ায় সপ্তাহান্তে ১৩ জন শ্রমিক মারা গেছেন। উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গতকাল গানসু প্রদেশের জিউকুয়ান নগরের ওই কয়লার খনি থেকে সর্বশেষ পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়। চীনের কর্মকর্তারা আরও বন্যার আশঙ্কা করছেন।নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ নীতিমালা মেনে না চলায় চীনে কয়লার খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু হয়। চীন তাদের বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর নির্ভরশীল। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চীনে খনি দুর্ঘটনায় দুই হাজার ৬৩১ জন কর্মী নিহত হয়।গতকাল টাইফুন চানথুর আঘাতে দেশটির গুয়াংডং প্রদেশে তিন জনের মৃত্যু হয়েছে। সিনহুয়া জানিয়েছে, ঘণ্টায় ৭৮ মাইল বেগে ঝড়টি গুয়াংডংয়ের উচুয়ান শহরে আঘাত হানে। ওই সময় একটি বাড়ির দেয়ালচাপা পড়ে দুজনের মৃত্যু হয়। এ ছাড়া ঝড়ের কারণে সৃষ্ট প্রবল বন্যার তোড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ভেসে যায়। স্থানীয় নৌ-পুলিশ জানায়, তারা ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। চীনের আবহাওয়া দপ্তর জানায়, তাইফুন চানথু গতকাল দুর্বল হয়ে পড়ে এবং দেশটির উত্তরে ন্যননিং প্রদেশের কাছে অবস্থান করছিল।গতকাল চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। কর্মকর্তারা জানান, থ্রি জর্জেস বাঁধের ভাটির দিকে ইয়াংসি নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে প্রবল বৃষ্টিপাতের কারণে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মোকাবিলা করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। জিয়াংশি প্রদেশের সরকার এক বিবৃতিতে বলেছে, আগামী ২০ থেকে ৩০ দিন ইয়াংসি নদীতে পানির প্রবাহ জিউজিয়াং পয়েন্টে ও পোয়াং হ্রদে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।চীনের বন্যা প্রতিরোধ সংস্থার হিসাব অনুযায়ী, দেশটিতে চলতি বছর প্রবল বন্যায় এ পর্যন্ত ৭০১ জন মারা গেছে এবং ৩৪৭ জন নিখোঁজ রয়েছে। ১৯৯৮ সালের পর বন্যায় সেখানে এবারই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ওই বছর বন্যায় চার হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছিল। এএফপি।