চীনে ডিজেল সংকট শবদাহ-কর্ম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে চরম ডিজেল সংকট চলছে। এর প্রভাব পড়েছে দেশটির শবদাহ-কর্মেও। ডিজেলের অভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেগাসিটি চংকিংয়ের একটি শবসৎকার প্রতিষ্ঠান বেশ কয়েকটি দাহ-কর্ম বর্জন করেছে। সরকারি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।চংকিং ইভিনিং নিউজ নামের একটি পত্রিকা জানায়, সংরক্ষিত ডিজেল ফুরিয়ে যাওয়ায় লংজিং ফিউনারাল পার্লার নামের একটি প্রতিষ্ঠানে গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানটির পরিচালক ঝু কিয়ানের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গত রোববার ১০টি মরদেহ সৎকার করার কথা ছিল। সংশ্লিষ্ট পরিবারগুলো সৎকারের সব আয়োজনও করেছিল। কিন্তু ডিজেলের অভাবে তা করা সম্ভব হয়নি। মরদেহগুলো ফ্রিজে রাখতে হয়েছে। চীনের সর্বত্র এই ডিজেল সংকটকে দেশটির গণমাধ্যমে ‘নজিরবিহীন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ডিজেলের অভাবে অনেক পেট্রল স্টেশন বন্ধ হয়ে গেছে। যেগুলো খোলা আছে, সেগুলোতে পেট্রল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। দেশব্যাপী এ ডিজেল সংকটের জন্য সরকারকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, সরকারের গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্য পূরণ করতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই লক্ষ্য পূরণে বেশ কিছু কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ডিজেলের সরবরাহ বৃদ্ধি ও এর মূল্য স্থিতিশীল রাখতে গত বুধবার সরকারের তরফ থেকে নতুন একটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এএফপি।