চীনে তিব্বতের লেখক গাংকে দ্রুবপা আটক
জনপ্রিয় তিব্বতি লেখক গাংকে দ্রুবপা কাবকে (৩৩) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সেদা কাউন্টি থেকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম রেডিও ফ্রি এশিয়া গতকাল রোববার এ খবর দিয়েছে।খবরে বলা হয়, পুলিশের ২০ সদস্যের একটি দল গাংকে কাবকে গত বুধবার তাঁর বাড়ি থেকে আটক করে। ২০০৮ সালে সরকারবিরোধী আন্দোলনের পর থেকে তিব্বতের লেখক, গায়ক ও শিল্পীদের ইদানীং প্রায়ই আটক করছে চীনের কর্তৃপক্ষ।সেদা কাউন্টির একজন সরকারি কর্মকর্তা বলেন, কাবকে গ্রেপ্তারের ব্যাপারে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে রোববার পুলিশে ফোন করেও কোনো জবাব পাওয়া যায়নি।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ধর্মীয় শিক্ষাসফর শেষে ভারত থেকে ফেরার পর উল্লেখযোগ্যসংখ্যক তিব্বতিকে আটকে রেখেছে চীন। তাদের সরকার ‘রাজনৈতিক বিষয়ে শিক্ষা’ দিচ্ছে।তিব্বতি-অধ্যুষিত বিভিন্ন এলাকায় কার্যত সামরিক আইন জারি করেছে চীন। এএফপি।