চীনে নতুন করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে সংবাদমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণের (সেন্সরশিপ) প্রতিবাদে সাংবাদিকেরা গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহারকারী লোকজনসহ বিভিন্ন পেশার মানুষ ওই আন্দোলনে সমর্থন দিয়েছে। সাংবাদিকদের এই বিক্ষোভকে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন নেতাদের একটি ‘পরীক্ষা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু থেকে প্রকাশিত জনপ্রিয় উদারপন্থী সংবাদপত্র সাউদার্ন উইকলির কার্যালয়ের সামনে ওই বিক্ষোভে সাধারণ মানুষও যোগ দেয়। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওই পত্রিকায় ছাপার জন্য নির্বাচিত শুভেচ্ছাবার্তা বাদ দিয়ে সেখানে সিপিসির প্রশংসামূলক একটি লেখা প্রকাশ করে সরকারি প্রচার বিভাগ। এতে ক্ষুব্ধ সাংবাদিকেরা গত সোমবার থেকে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের আলোচনাও হয়েছে। এ ছাড়া বিক্ষোভের বিরোধিতাকারী একটি পক্ষের কর্মীদের সঙ্গে ওই সাংবাদিকদের হাতাহাতির খবর পাওয়া গেছে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।গুয়াংঝুতে বিক্ষোভকালে অনেকের পরনে ছিল মুখোশ। হুইলচেয়ারে বসা এক ব্যক্তির হাতের ব্যানারে লেখা ছিল, ‘সাউদার্ন উইকলিকে সমর্থন করুন, সেন্সরশিপ প্রতিহত করুন, আমাকে মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিন।’চীনে সব ধরনের সংবাদমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ রয়েছে। সরকারের অনুমোদন ছাড়া সেখানে কোনো সংবাদ প্রকাশের সুযোগ নেই। সিপিসির বিবেচনায় ‘নেতিবাচক’ সংবাদ বাদ দিতে পারে সরকারি প্রচার বিভাগ। এ ক্ষেত্রে সাংবাদিকদের আপত্তি অগ্রাহ্য করা হয়। এএফপি ও বিবিসি।