চীনে নেতৃত্ব পরিবর্তন নিয়ে নেতাদের আলোচনা শুরু
চলতি বছরের শেষে চীনের নেতৃত্ব পরিবর্তন নিয়ে গোপন বৈঠক করতে সে দেশের জ্যেষ্ঠ নেতারা গতকাল সোমবার সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টে জড়ো হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।প্রথাগতভাবেই চীনের রাজধানী বেইজিংয়ের পূর্বে অবস্থিত বেইডেইহি রিসোর্টে দেশটির ক্ষমতাসীন দলের রুদ্ধদ্বার রাজনৈতিক সম্মেলন হয়ে থাকে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট সি জিংপিং গত রোববার সেখানে শিক্ষাবিদ ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে যে নেতৃত্বের পরিবর্তন আসছে, এ সম্মেলনে তার রূপরেখা নিরূপণ করা হবে।বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, রোববারের বৈঠকে অংশ নেন দেশটির ‘প্রখ্যাত ও তৃণমূল পর্যায়ের বিশেষজ্ঞরা’। এর মধ্যে ছিলেন শিক্ষাবিদ, শিল্পী ও জোতির্বিদেরা। সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট সি জিংপিং ছাড়াও ক্ষমতাসীন দলটির শীর্ষ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, এমন নেতারাও সেখানে রয়েছেন বলে খবরে জানা গেছে। এর মধ্যে রয়েছেন দলের সাংগঠনিক বিভাগের প্রধান লি ইউয়ানচাও এবং প্রাদেশিক কাউন্সিলর লিউ ইয়ানদং।অবশ্য বেইজিংয়ে বিবিসির জন সুডর্থ জানান, সম্মেলনের আসল উদ্দেশ্য সম্পর্কে জনগণকে খুব সীমিত তথ্যই জানানো হবে। মূলত ক্ষমতাসীন দলের পরবর্তী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। নয় সদস্যের ওই কমিটির সাতজনেরই আগামী শরৎকালে অবসরে যাওয়ার কথা। নতুন প্রজন্মের নেতৃত্ব তাঁদের স্থান দখল করবে।প্রতি এক দশক পর চীনে এই নেতৃত্বের পরিবর্তন আনা হয়ে থাকে। এ নিয়ে সবার মধ্যে প্রবল আগ্রহ থাকলেও তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলা হয়। বিবিসি।