চীনে পরিবর্ধিত আকারে নতুন অভিধান
চীনা ভাষার বৃহত্তম অভিধানটির নতুন পরিবর্ধিত সংস্করণ বের হচ্ছে। পরিমার্জন ও নতুন শব্দ সংযোজনের ফলে এর কলেবর প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে শব্দসংখ্যা দাঁড়াবে প্রায় পাঁচ লাখ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।২৫ খণ্ডে প্রকাশিতব্য হানিউ দ্য সিদিয়ান নামের অভিধানটির দ্বিতীয় সংস্করণের প্রথম খণ্ড প্রকাশিত হবে ২০১৫ সালে। তবে সম্পূর্ণ অভিধানটি পর্যালোচনা করতে সাত বছর সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে। অভিধানটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে।অভিধানটির নতুন সংস্করণে প্রায় তিন হাজার নতুন বাগ্ধারা সংযুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ২৩৯টি ইংরেজি বাগ্ধারা। তবে এই বাগ্ধারা এবং এনবিএ ও জিডিপির মতো আদ্যক্ষর (অ্যাক্রোনিম) অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শতাধিক ভাষাবিজ্ঞানী জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব প্রেস অ্যান্ড পাবলিকেশনের কাছে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।চীনের সবচেয়ে নির্ভরযোগ্য অভিধানটি হলো সমকালীন চীনা ভাষার অভিধান। এ বছরের গোড়ার দিকে প্রকাশিত এর ষষ্ঠ সংস্করণে তুলনামূলকভাবে বেশ কম শব্দ যুক্ত হয়েছে। এতে মাত্র ৬৯ হাজার শব্দ সংযোজিত হয়। এএফপি।