চীনে পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলে একটি জাপানি কোম্পানির মালিকানাধীন কাগজের কারখানার পাইপলাইন থেকে দূষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজারো বাসিন্দা। গতকাল শনিবার বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। চীনের সাংহাইয়ের কাছে উপকূলীয় কাইদং শহরে জাপানি কোম্পানি ওজি পেপারের মালিকানাধীন ওই কারখানার ৭০ মাইল লম্বা একটি সুয়ারেজ পাইপলাইন থেকে পরিবেশ দূষণ ঘটছে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।বার্তা সংস্থার একজন ফটোসাংবাদিক জানান, বিক্ষোভকারীরা শহরের বেশ কিছু সরকারি কার্যালয়ে ভাঙচুর করে। টুইটার-সাদৃশ চীনা ওয়েবসাইট সিনা ওয়েইবো থেকে পাওয়া বার্তাগুলোতে বলা হয়, বিক্ষোভকারীরা ওই কার্যালয়গুলো থেকে মদজাতীয় বিভিন্ন পানীয়র বোতল ও সিগারেটের কার্টনসহ যেসব বস্তু চীনা কর্মকর্তারা ঘুষ হিসেবে গ্রহণ করে থাকেন, সেগুলো লুট করে নিয়ে যায়।গতকাল সকালে ওই সরকারি দপ্তরগুলোর সামনের একটি চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হয়। এরপর নয়টার দিকে ঘটনাস্থলে পুলিশ এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে কারখানাটি স্থায়ীভাবে বাতিল করার ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর বিক্ষোভকারীরা চলে যায়। এএফপি।