চীনে পারিবারিক উপার্জনের এক-তৃতীয়াংশই করেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শহরাঞ্চলে পারিবারিক উপার্জনের প্রায় এক-তৃতীয়াংশই করেন নারীরা। সম্প্রতি সে দেশের ১০টি শহরের নারীদের ওপর পরিচালিত জরিপ থেকে এ তথ্য জানা যায়। সিনহুয়া জানায়, চীনের তিনটি নারী সংগঠন ‘ব্লু পেপার অন উইমেন লাইভস’ শীর্ষক এ জরিপ চালায়। এই সংগঠন তিনটি হলো: অল চায়না উইমেনস ফাউন্ডেশন, হুয়াকুন উইমেনস লাইফ সার্ভে সেন্টার ও হুয়াকুন উইমেনস কনজাম্পশন গাইডেন্স সেন্টার। বেইজিং, সাংহাই, গুয়াংজু, তাইউন, চেঙ্গশা, দালিয়ান, চেঙ্গদু, লানঝু, নিংবো ও হারবিন শহরে জরিপটি চালানো হয়। এতে দেখা গেছে, এসব শহুরে নারীর গড় আয় মাসে চার হাজার ৯০০ ইউয়ান। এর মধ্যে দক্ষিণের গুয়াংদং প্রদেশের রাজধানী গুয়াংজুর নারীদের উপার্জন সবচেয়ে বেশি। তাঁরা মাসে গড়ে ১১ হাজার ২০০ ইউয়ান করে বেতন পান। অপরদিকে উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের রাজধানী লানঝুর নারীদের আয় সর্বনিম্ন। তাঁরা মাসে গড়ে দুই হাজার ৭৩৩ ইউয়ান করে উপার্জন করেন। জরিপে আরও দেখা গেছে, এসব নারী দিনে গড়ে ৮ দশমিক ৪ ঘণ্টা কাজ করে থাকেন। তাঁদের ৮৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, কর্মক্ষেত্রে তাঁরা চাপের মুখে থাকেন। টাইমস অব ইন্ডিয়া।