চীনে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে গতকাল শুক্রবার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। পুলিশি হেফাজতে একজন নেতাকে হত্যা করা হয়েছে—এই অভিযোগে ওই প্রদেশের উকান গ্রামে এই বিক্ষোভ হয়। নিহত জুর প্রতি শোক প্রকাশের অনুষ্ঠানটি একপর্যায়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভে রূপ নেয়। এ সময় স্থানীয় কয়েকজন কমিউনিস্ট নেতাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। ওই নেতাদের বিরুদ্ধে গ্রামবাসীর জমিজমা জবরদখলের অভিযোগ রয়েছে।উকান গ্রামটি তত্ত্বাবধানকারী শানওয়েই শহরের মেয়র উ জিল ওই বিক্ষোভে প্ররোচনা দেওয়া ব্যক্তিদের দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন। পুলিশ ওই এলাকা অবরুদ্ধ করে রেখেছে।উকান গ্রামের পাঁচ ব্যক্তিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জু জিনবো নামের এক ব্যক্তি পুলিশি হেফাজতে গত রোববার মারা যান। কর্তৃপক্ষের দাবি, হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির আত্মীয়দের দাবি, ৪২ বছর বয়সী জুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রাম কমিটির নেতা ছিলেন জু জিনবো।মাইক্রোব্লগে নিয়ন্ত্রণ: চীনের রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ গতকাল জানায়, জনপ্রিয় কয়েকটি মাইক্রোব্লগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এএফপি, রয়টার্স, বিবিসি।