দক্ষিণ চীনের গুইঝোউ প্রদেশে গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে জনতার রাতভর সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।রাস্তার ওপর সাইকেল পার্কিংকে কেন্দ্র করে পুলিশের হাতে একজন নারী আহত হওয়ার পর ওই সংঘর্ষ শুরু হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শুক্রবার জানায়।সিনহুয়ার খবরে বলা হয়, অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে গুইঝোউ প্রদেশের সড়ক-পুলিশের কর্মকর্তারা ওই নারীর বাইসাইকেল বাজেয়াপ্ত করেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে কর্মকর্তারা ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি আহত হন। এ ঘটনার পর হাজারো মানুষ প্রদেশটির প্রধান প্রধান সড়ক সারা রাত অবরোধ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।চীনের সড়ক-পুলিশের কর্মকর্তারা মাঝেমধ্যেই সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও হয়রানি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এএফপি।