চীনে পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের অস্থিতিশীল শিনজিয়াং অঞ্চলে গতকাল সোমবার পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের ‘সংঘর্ষ’ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছে। রাষ্ট্রীয় একটি অনলাইন সংবাদ পোর্টালের খবরে এ কথা জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শিনজিয়াংয়ের ইয়ারকান্দ কাউন্টিতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ছুরি ও বিস্ফোরক নিয়ে কিছু ব্যক্তি স্থানীয় একটি থানায় হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আটজন নিহত হওয়ার পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই এলাকায় আরেকটি সহিংস ঘটনার দুই সপ্তাহের মাথায় নতুন এ ঘটনা ঘটল। আগের ঘটনায় দুজন পুলিশ সদস্যসহ নিহত হয়েছিল ১৬ জন। ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের আবাসস্থল শিনজিয়াংয়ে মাঝেমধ্যেই এ ধরনের সহিংস ঘটনা ঘটে থাকে।
সর্বশেষ এই সহিংসতার খবরটি প্রথম প্রকাশ করে চীনের রাষ্ট্র পরিচালিত আঞ্চলিক তিয়ানশান সংবাদ পোর্টাল। হামলাকারীদের কর্মকর্তারা বর্ণনা করেছেন ‘গুন্ডা’ হিসেবে। তাঁরা বলেছেন, হামলাকারীরা ছুরি নিয়ে আসে এবং থানার ভেতরে বিস্ফোরক ছুড়ে মারে।
হামলার ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শিনজিয়াংয়ে সহিংসতার জন্য বেইজিং সরকার সাধারণত উইঘুর গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী ‘সন্ত্রাসী’দের দায়ী করে থাকে। অন্যদিকে উইঘুর সম্প্রদায়ের মানুষ এ জন্য জাতিগত উত্তেজনা এবং তাদের ধর্মসহ জীবনযাত্রার ওপর কেন্দ্রীয় সরকারের শক্ত নিয়ন্ত্রণকে দায়ী করে আসছে। শিনজিয়াংয়ে আসলে কী ঘটছে, তা যাচাই করা কঠিন। কেননা সেখান থেকে তথ্য বের হওয়ার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ২০১৩ সালে এ ধরনের সহিংসতার ঘটনাগুলোতে এ অঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বিবিসি।