চীনের চংকিং মহানগর পুলিশের সাবেক প্রধান ওয়াং লিজুনকে কর্তব্যে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অপরাধে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরের একটি আদালতে গতকাল সোমবার এই রায় হয়। আদালতের মুখপাত্র ইয়াং ইউকুয়ান বলেন, ওয়াংকে সব মিলিয়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।চংকিংয়ে দায়িত্ব পালনকালে ওয়াং সন্দেহভাজন অপরাধীদের ছেড়ে দেন এবং বিনিময়ে চার লাখ ৭৬ হাজার মার্কিন ডলারের সম্পদ অবৈধভাবে অর্জন করেন বলেও অভিযোগ রয়েছে।চীনের প্রভাবশালী রাজনীতিক বো শিলাইয়ের ডান হাত বলে পরিচিত ছিলেন ওয়াং। তিনি গত ফেব্রুয়ারিতে পালিয়ে গিয়ে চেংদুর মার্কিন কনস্যুলেটে আশ্রয় নেন। এ ঘটনার জেরে বো শিলাইয়ের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যপদ স্থগিত করা হয়। তাঁর স্ত্রী গু কাইলাই তাঁর ব্যবসায়িক অংশীদার যুক্তরাজ্যের এক নাগরিককে হত্যার দায়ে অভিযুক্ত হন। নিল হেইউড নামের ওই ব্যবসায়ীকে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় ওয়াং সাহায্য করেন বলে অভিযোগ আনা হয়। গু কাইলাইকে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া স্থগিত হয়। ওই কেলেঙ্কারির পর বো শিলাইকে আর কখনো জনসমক্ষে দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখছে চীনের কমিউনিস্ট পার্টি। বিবিসি ও এএফপি।