চীনে প্রবল বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত
চীনে ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝউকু এলাকায় গতকাল বৃহস্পতিবার ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। গত শনিবার রাতে ভয়াবহ ভূমিধসে সেখানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। শহরের কয়েক শ বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে।আকস্মিক ওই ভূমিধসে দুর্ঘটনাস্থলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাইলং নদীর গতিপথেও বাধা সৃষ্টি করেছে। এতে নদীতে পানি স্বাভাবিকের চেয়ে তিন মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। জরুরি আশ্রয়স্থলগুলোও বন্যাকবলিত হয়ে পড়েছে। চীনের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, গাংসু প্রদেশের ওই শহরে এ পর্যন্ত এক হাজার ১১৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও ৬২৭ জন নিখোঁজ। উদ্ধারকারী দলের নেতা চাও ওয়াইমিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, জীবিত ব্যক্তিদের উদ্ধার করা। কাউকে বাঁচানোর সামান্যতম সম্ভাবনা দেখতে পেলে, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’গতকাল প্রচণ্ড বৃষ্টির মধ্যেও উদ্ধারকর্মীরা মাটি সরানোর কাজ চালিয়ে গেছেন। ঝউকুতে আশ্রয়শিবির হিসেবে ব্যবহূত দুটি বিদ্যালয়ে বৃষ্টিতে কারপেট ও খড়ের বিছানা ভিজে যাওয়ায় আশ্রয়গ্রহণকারীরা চরম দুর্দশায় পড়ে।স্থানীয় একটি দমকল বাহিনীর উদ্ধারকর্মী হ্যান হুইপিং বলেন, ‘বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আমরা উদ্বিগ্ন। কিন্তু আমাদের করার কিছুই নেই। কয়েক হাজার সেনাসদস্য উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। বিবিসি, এএফপি।