চীনে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯। এ ছাড়া অন্তত এক লাখ লোক বাড়িছাড়া হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম ও বিভিন্ন সংস্থা এ তথ্য জানিয়েছে। জিয়াংঝি প্রদেশের ফ্লু নদীতে ঝুঁকিপূর্ণ বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে পাথর ও মাটি ফেলা হচ্ছে ক্ষতিগ্রস্ত স্থানে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে এ অঞ্চলের এক লাখ লোক নিরাপদ আশ্রয়ে চলে গেছে। হুনান প্রদেশের জিয়াং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে পার্শ্ববর্তী ইয়াংজি নদীর পানিও উপচে আশপাশের এলাকায় ঢুকে পড়ছে।হুনান প্রদেশের পরিবেশ রক্ষা ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, ‘জিয়াং নদীর তীরঘেঁষা অনেক কাউন্টি ও গ্রামের কৃষিভূমিসহ বাড়িঘর ডুবে গেছে।’দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কয়েকটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে ভারী বর্ষণ অব্যাহত থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।ইয়াংজি ও দক্ষিণাঞ্চলীয় অন্যান্য নদীর পানি সাধারণত গ্রীষ্ম মৌসুমে বৃদ্ধি পায়। তিব্বত মালভূমির বরফ গলে এবং মৌসুমি বৃষ্টির কারণে মাঝেমধ্যে এ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।এর আগে ১৯৯৮ সালে এ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়। সে সময় বেশ কয়েকটি শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। এতে এই অঞ্চলের বড় বড় শহর বন্যায় প্লাবিত হয়। তখন তিন হাজার ৭০০ লোকের প্রাণহানি ঘটে। দেড় কোটি লোক সাময়িকভাবে উদ্বাস্তু হয়ে পড়ে। পিটিআই।