চীনে বন্যায় ৯০ জনের প্রাণহানি
চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে ৯০ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে ৫০ জন। বন্যার পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় ১৪ লাখ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ভেঙে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগব্যবস্থাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে। উদ্ধার ও ত্রাণতৎপরতায় সেনাবাহিনী নামানো হয়েছে।চীনের বন্যা নিয়ন্ত্রণ কার্যালয় থেকে বলা হয়েছে, পার্ল নদীসহ দক্ষিণাঞ্চলের কয়েক ডজন নদীর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুজিয়ান, জিয়াংজি, হুনান, গুয়ানদং, সিচুয়ানসহ কমপক্ষে নয়টি প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রদেশে গত কয়েক দিনে ৫০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে।চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, লোকজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। অনেক বাড়িঘর পুরোপুরি ডুবে গেছে। বন্যায় এসব এলাকার অনেক শিল্পকারখানা প্লাবিত হয়েছে। স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে।চীনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সকাল পর্যন্ত ৫৫ লাখ লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের কেউ আক্রান্ত হয়েছে পানিবাহিত রোগে, আবার কেউ শিকার হয়েছে নানা দুর্ঘটনার। অনেকের ঘরবাড়ি ও খেতের ফসল নষ্ট হয়েছে। বন্যায় বিরাট ক্ষতিগ্রস্ত ১৪ লাখ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে জনগণকে সহায়তা করছে সেনাবাহিনী।চায়না ডেইলি পত্রিকা জানিয়েছে ফুজিয়ান প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে মারা গেছে ৩৫ জন। এ ছাড়া বন্যাজনিত বিভিন্ন কারণে মারা গেছে আরও ৫৫ জন। রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।