চীনে বাঘের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুসম্পদের দিক থেকে চীন সৌভাগ্যবান দেশ। বিরল প্রজাতির পান্ডার দেখা মেলে কেবল চীনেই। শুধু তাই নয়, চীনের আরেক গর্ব হলো সাইবেরিয়ার বিরল প্রজাতির বাঘ। দেশটির লিয়াওনিং প্রদেশের সেনইয়াং ফরেস্ট ওয়াইল্ড এনিমেল চিড়িয়াখানার অতিথি হলো এসব বাঘ।কিন্তু দুঃখের বিষয়, চিড়িয়াখানায় দিন দিন কমে যাচ্ছে এই বিরল প্রজাতির বাঘের সংখ্যা। চিড়িয়াখানাটিতে বিরল প্রজাতির সাইবেরিয়ার বাঘ ছিল ২০টি। এখন আছে ১১টি। আর এগুলোর মধ্যে তিনটির অবস্থা আশঙ্কাজনক। শুধু বাঘই নয়, চিড়িয়াখানার অনেক প্রাণীরই এখন এ রকম নাজুক অবস্থা।স্বাভাবিকভাবেই বাঘগুলোকে সংরক্ষণের জন্য আদরযত্ন দিয়ে লালন-পালন করার কথা, কিন্তু হয়েছে তার উল্টো। কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির কারণে চিড়িয়াখানার অবস্থা এখন খুবই করুণ। আর বলাই বাহুল্য যে এসব দুর্নীতির মাশুল দিতে হচ্ছে চিড়িয়াখানার খাঁচায় বন্দী নিষ্পাপ প্রাণীগুলোকে। গভীর অরণ্যে একসময় যাদের ছিল অবাধ চলাফেরা, বনের রাজত্ব ছিল যাদের হাতে, সেই সব বাঘই খাঁচায় বসে অনাহারে আর অবহেলায় ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছে। শুধু অনাদর আর দুর্নীতিই নয়, চিড়িয়াখানার কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে, বাঘের হাড় থেকে এক ধরনের ওষুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এমনকি এ ধরনের ওষুধ সরকারি কর্মকর্তাদের কাছে সরবারহও করা হয়ে থাকে। আর এসব কাজের সঙ্গে জড়িত থাকেন চিড়িয়াখানার কর্মকর্তারাই।অবশ্য চিড়িয়াখানার কর্মকর্তারা বাঘের সংখ্যা কমে যাওয়ার কথা স্বীকার করতে একেবারেই নারাজ। কিন্তু তাতে কী? চীনের টেলিভিশন ও সংবাদপত্রগুলো থেমে নেই। এই খবর ফলাও করে প্রকাশ করতে শুরু করেছে পত্রিকাগুলো। এর সঙ্গে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বন্য প্রাণী সংরক্ষণকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোও। বেইজিংয়ের ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিমেল ওয়েলফেয়ারের অনুষ্ঠান পরিচালক হুয়া নিং বলেন, অযত্ন আর অবহেলার কারণেই চিড়িয়াখানায় একের পর এক পশু মরে যাচ্ছে। তিনি বলেন, এই চিত্র চীনের অনেক চিড়িয়াখানারই।এদিকে দুর্নীতির সঙ্গে জড়িত চিড়িয়াখানার উচ্চপদস্থ কর্মকর্তারা মুখ না খুললেও পশু পরিচর্যাকারী কর্মীরা সত্য জানাতে দ্বিধা করেননি। তাঁরা বলেছেন, অপুষ্টির কারণেই বেশির ভাগ বাঘ মারা গেছে। এগুলোকে দিনে মাত্র দুটি মুরগির হাড়গোড় খেতে দেওয়া হতো। কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা পিপলস ডেইলিতে বলা হয়, সরকার চিড়িয়াখানার টিকিট বিক্রি করে বছরে অনেক টাকাই আয় করে থাকে। কিন্তু তা সত্ত্বেও ১৮ মাস ধরে চিড়িয়াখানার ২৬০ জন কর্মীকে বেতন দেওয়া হচ্ছে না।চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুধু বাঘ নয়, চিড়িয়াখানার অন্য সব পশুর অবস্থাও একই। গত জানুয়ারি মাসেই বিভিন্ন প্রজাতির ১৫টি পশু মারা যায়। দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে শুভা জিনিয়া চৌধুরী।