চীনে বার্ড ফ্লুতে একজনের মত্যু
চীনের গুয়াংদং প্রদেশে গতকাল শনিবার বার্ড ফ্লুতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। সিনহুয়া জানায়, হংকংয়ের সীমান্তবর্তী শেনজেনের এক অসুস্থ বাসিন্দাকে (৩৯) গত ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় তাঁর রক্তে এই৫এন১ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। গতকাল দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। তবে অসুস্থ হওয়ার আগে ওই ব্যক্তি সরাসরি কোনো মুরগির খামারের সঙ্গে যুক্ত ছিলেন না এবং শহরের বাইরের কোনো জায়গাতেও যাননি। গুয়াংদং প্রদেশের সরকারি পত্রিকা সাউদার্ন ডেইলি জানায়, বার্ড ফ্লুতে মারা যাওয়ার আগে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে ১২০ জনের দেখা-সাক্ষাৎ হয়েছে, তবে তাঁদের কারও মধ্যেই বার্ড ফ্লুর কোনো লক্ষণ দেখা যায়নি। ১১ দিন আগে একটি মরা মুরগির দেহে এইচ৫এন১ ভাইরাস ধরা পরার পর হংকংয়ের একটি খামারে ১৭ হাজার মুরগি নিধন করা হয় এবং হংকংয়ে চীন থেকে সব ধরনের মুরগি আমদানি ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয়। এএফপি।