চীনে বাস ও ট্যাংকলরির সংঘর্ষ নিহত ৩৬
চীনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিথেন গ্যাস বহনকারী একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের ইয়ানান নগরে গত শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থাটি জানায়, সংঘর্ষের সঙ্গে সঙ্গে দুটি যানই আগুন লেগে বিস্ফোরিত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনা থেকে বাসের তিন আরোহী প্রাণে বাঁচলেও সবাই গুরুতর আহত হয়েছে। ইয়ানানের বাওতোউ-মাওমিং সড়কে স্থানীয় সময় রাত দুইটায় এ দুর্ঘটনা ঘটে।সরকারি প্রচারমাধ্যম সিসিটিভিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা উই জিউঝিয়াং জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে এর সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। চীনা কর্মকর্তারা জানান, বাসটি ইনার মঙ্গোলিয়া থেকে শানজি প্রদেশের রাজধানী ঝিয়ানের দিকে যাচ্ছিল। বিবিসি।