চীনে বাসে আগুন নিহত ৪৭
চীনের বন্দরনগর জিয়ামেনে একটি বাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটলে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। এতে ৩৪ জনের বেশি আহতও হয়। গত শুক্রবার সন্ধ্যার এ ঘটনা নাশকতা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ গতকাল শনিবার জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন পাওয়া গেছে।
চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তদন্তকারী দল বাসটিতে পেট্রলের আলামত পেয়েছে। কিন্তু বাসটি ছিল ডিজেলচালিত। অফিস ছুটির সময় এ দুর্ঘটনা ঘটে। তাই বাসটিতে ছিল প্রচণ্ড ভিড়।
পুলিশের প্রাথমিক এক তদন্তে দেখা গেছে, বাসটির চাকা ও জ্বালানির ট্যাংক অক্ষত।
বিবিসির সাংহাই প্রতিবেদক জানিয়েছেন, সম্প্রতি চীনে সরকারি ভবন ও বাসে আগুন দেওয়ার ঘটনা বেড়েছে। ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে কিছু মানুষ এ ধরনের হামলা করছে।
এর আগে ২০০৯ সালে এক বেকার লোক পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ব্যক্তি নিজেসহ ২৬ জন নিহত হয়। বিবিসি।