চীনে বাসে বিস্ফোরণের পর আগুন, নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেনে বাসে বিস্ফোরণের পর আগুন লেগে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ছবি: বিবিসির সৌজন্যে।
চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেনে বাসে বিস্ফোরণের পর আগুন লেগে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ছবি: বিবিসির সৌজন্যে।

চীনের ফুজিয়ান প্রদেশের বন্দরনগর সিয়ামেনে গতকাল শুক্রবার বাসে বিস্ফোরণের পর আগুন লেগে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি লোক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একে নিছক দুর্ঘটনা নয়, ‘গুরুতর অপরাধের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তারা বাসটিতে পেট্রলের আলামত পেয়েছেন। বাসটি ডিজেলে চলত।
স্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানায়, একে গুরুতর অপরাধের ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাসটির টায়ার অক্ষত। জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী জো শেংকুনের নেতৃত্বে একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিবিসির খবরে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাস ও সরকারি ভবনে দৃর্বৃত্তদের হামলার ঘটনা ঘটছে। ২০০৯ সালে বেকার এক ব্যক্তি পেট্রল দিয়ে বাস পুড়িয়ে দেন। এতে ওই ব্যক্তিসহ ২৭ জন নিহত হয়। একই বছর স্টিল কারখানার এক শ্রমিক বাসে আগুন দিলে ২৪ জনের মৃত্যু হয়।