চীনে বাড়িঘর থেকে উচ্ছেদ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে লোকজনকে বাড়িঘর ও জমিজমা থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ছাড়া এসব জমি স্থানীয় সরকারি কর্মকর্তারা আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, এভাবে জবরদখলের অনেক ঘটনায় সহিংসতা ও হয়রানির প্রমাণ পাওয়া গেছে। আর এটি ‘মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন’। অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পূরণে স্থানীয় কর্মকর্তাদের ওপর চাপ ও কায়েমি স্বার্থ হাসিল এর পেছনে কাজ করছে। জোরপূর্বক উচ্ছেদের ঘটনা সামাজিক অসন্তোষ ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের কারণ হয়েও দাঁড়িয়েছে।চীনে ভূসম্পত্তির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রবল। নগরায়ণ-সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আইনগতভাবে জমি অধিগ্রহণের ক্ষমতা স্থানীয় সরকারি কর্মকর্তাদের রয়েছে।হংকংয়ে অ্যামনেস্টির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নিকোলা ডাকওয়ার্থ বিবিসিকে জানান, সরকারের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ করতেই মূলত স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তি খাতের জমি দখল ও তা বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কাছে কম দামে বেচে দিচ্ছে। দেশটির অর্থনীতিতে নিম্নমুখী প্রবণতার সময় কর্তৃপক্ষ উদ্দীপনা প্যাকেজের অর্থায়নে সরকারের কাছ থেকে ওই ঋণ নিয়েছিল।অ্যামনেস্টি বলেছে, চীনে জবরদখলের এই ব্যবস্থা নির্যাতনমূলক। বিবিসি।