চীনে বিমান দুর্ঘটনায় নিহত ৪২
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে গত মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন। বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।হারবিন শহর থেকে বিমানটি ওড়ার ৪০ মিনিট পর ইয়াইচুন শহরের বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি দুই টুকরো হয়ে আগুন ধরে যায়।বিমানের বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার সময়কার পরিস্থিতিকে আতঙ্কজনক ও ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন।হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী জানান, বিমানটি পাঁচ থেকে ছয়বার খুব জোরে ঝাঁকি খেয়েছে। অপর একজন যাত্রী বলেন, বিমানটি অবতরণ করার সময় তিনি একটি ‘বড় ঝাঁকি’ অনুভব করেন।আহত অপর এক যাত্রী বলেন, ‘বিমানটি ভেঙে পড়ার পর আমরা জরুরি নির্গমন পথ খোলার চেষ্টা করি। কিন্তু আমরা দরজা খুলতে ব্যর্থ হই। এরপর আমরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ি। দুই-এক মিনিট আমরা শ্বাস নিতে পারছিলাম না। তখন টের পাই খারাপ কিছু ঘটতে চলেছে।’আরেক যাত্রী জানান, দুর্ঘটনার পর আরোহীরা বিমান থেকে বের হওয়ার চেষ্টা চালায়। এ সময় ওপরের মালপত্র রাখার জায়গা থেকে পড়ছিল সব জিনিস। ইয়াইচুন শহরের ভাইস মেয়র ওয়াং জিউমেই সিসিটিভিকে বলেন, আহত ৫৪ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সিনহুয়া জানায়, আহত ব্যক্তিদের স্থানীয় চারটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিমানের পাইলট রক্ষা পেয়েছেন। কিন্তু মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে তিনি কথা বলতে পারছেন না।সিনহুয়া জানায়, বিমানযাত্রীদের উদ্বিগ্ন স্বজনেরা ইয়ানচুই শহরের লিন্দু বিমানবন্দরে অপেক্ষা করছে। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।লিন্দু বিমানবন্দরটি মাত্র গত বছর চালু করা হয়েছে। ছোট এই বিমানবন্দরে শুধু অভ্যন্তরীণ রুটের বিমান ওঠানামা করে। হেনান এয়ারলাইন্সের এই বিমানটিতে যাত্রী ছিল ৯১ জন। আর ক্রু-সদস্য ছিলেন পাঁচজন।ব্রাজিলে তৈরি এমব্রেয়ার ই-১৯০ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে কর্মকর্তারা দুর্ঘটনার কারণ হিসেবে ভারী কুয়াশার কথা জানিয়েছেন।সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার (সিএএসি) ২০ সদস্যের একটি শক্তিশালী দল দুর্ঘটনার তদন্তের জন্য ইয়ানচুই শহরের উদ্দেশে রওয়া হয়েছে। বিবিসি ও এএফপি।