চীনে ভারতীয় খাবার জনপ্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় উপমহাদেশ বহু বছর ধরে চীনা খাবারের দখলে থাকলেও সম্প্রতি ওই দৃশ্যপট বদলে যাচ্ছে। চীনের মহাপ্রাচীরের বাধা পেরিয়ে ভারতীয় খাবারও চীনাদের আকৃষ্ট করছে সমানতালে। ভারতীয় মশলাদার খাবার চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিওনিয়ার-এর সফলতার মধ্য দিয়ে ওই জনপ্রিয়তার মাত্রা আরও বেড়েছে। ভারতের জনপ্রিয় খাবার ‘মশলাকারি’ ও ‘বারবিকিউ’ ইউরোপ ও আমেরিকায় যথেষ্ট জনপ্রিয়তা পেলেও এত দিন প্রতিবেশী দেশগুলোতে এটা তেমন সাড়া জাগাতে পারেনি। কিন্তু রেস্তোরাঁ বিশেষজ্ঞদের ধারণা, চীনের খাবারের বাজারে ভারতীয় খাবার ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। চীনে ‘ইন্ডিয়ান কিচেন গ্রুপ’-এর ব্যণিজ্যিক প্রধান সতীশ নায়ার বলেন, গত পাঁচ-ছয় বছরে চীনে বিশেষ করে সাংহাই, শেনঝেন ও বেইজিংয়ে ভারতীয় খাবার ব্যাপক সাড়া ফেলেছে। ওই সব জায়গায় বেশ কিছু ভারতীয় রেস্তোরাঁ রয়েছে আর সেগুলো বেশ জনপ্রিয়।চীনে পাঞ্জাবি রেস্তোরাঁর পরিচালক গিরিশ চৌধুরী বলেন, সম্প্রতি চীনে ভারতীয় খাবারের জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারণ অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিওনিয়ার-এর সফলতা। এ চলচ্চিত্রের কারণে চীনে ভারতীয় সংস্কৃতি জনপ্রিয়তা পাচ্ছে। তিনি আরও বলেন, বারবিকিউ চিকেন, বিশেষ করে চিকেন টিক্কা, রেশমি কাবাব এবং মাছ চীনে বেশ জনপ্রিয়। সুগন্ধী ও ঝাঁজালো মশলাদার এবং চোখ-ধাঁধানো রঙের কারণে ভারতীয় খাবার অন্য যেকোনো দেশের খাবারের চেয়ে আলাদা, যা সহজেই চীনাদের আকৃষ্ট করছে। গিরিশ চৌধুরী জানান, তাঁর রেস্তোরাঁর খাবারের গ্রাহকদের ৪০ শতাংশই চীনা।চীনে বর্তমানে প্রায় দুই শ ভারতীয় রেস্তোরাঁ রয়েছে। এসব রেস্তোরাঁয় তরুণেরাই যাচ্ছে সবচেয়ে বেশি। এন্টনি মুনুস্বামি ১৯৯০ সালের দিকে চীনের ম্যাকাওতে প্রথম ভারতীয় রেস্তোরাঁ চালু করেন। তখন থেকে সেখানে ভারতীয় খাবার জনপ্রিয় হতে শুরু করে। ভারতীয় রেস্তোরাঁ ‘মিরিচ মশলা’র প্রধান দয়া বলেন, ভারতীয় খাবারের সঙ্গে চীনের পুরোনো প্রজন্ম তেমন পরিচিত না হলেও তরুণেরা খুবই উত্সাহী। থাই কিংবা মালয়েশীয় খাবারের চেয়ে তারা ভারতীয় খাবার বেশি পছন্দ করছে। কিছু ভারতীয় রেস্তোরাঁ চীনা খাবারের স্বাদের সঙ্গে সংগতি রেখে ভারতীয় খাবারে পরিবর্তন আনছে। তবে অধিকাংশ ভারতীয় রেস্তোরাঁই খাবারের মূল স্বাদ বজায় রাখছে। নায়ার বলেন, প্রয়োজনের কথা মাথায় রেখেই খাবারের স্বাদে পরিবর্তন আনা হচ্ছে। কারণ দুই দেশের খাদ্যাভ্যাসে পার্থক্য রয়েছে। তিনি বলেন, ‘সমকালীন খাবারগুলোতে আমরা বেশি করে সালাদ ব্যবহার করছি। এ ছাড়া কিছু খাবারের পরিবেশনায় নতুনত্ব আনতে হয়েছে, যেমন: তন্দুরি। এটি পরিবেশনের সময় আমরা ভাজা সবুজ সবজি ব্যবহার করছি।’ পিটিআই।