চীনে ভিন্নমতাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে চীন সরকার দেশটিতে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ শুক্রবার ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করার কথা রয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলতি বছরের পুরস্কারজয়ী চীনের ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াওবো, স্ত্রী লিউ সিয়া বা তাঁর কোনো ভাই উপস্থিত থাকতে পারবেন না। চীন সরকার কারবন্দী সিয়াওবোকে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। আর লিউ সিয়াকে গত ৮ অক্টোবর থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সিয়াওবোর ভাইদেরও দেশ ছাড়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।চায়নিজ হিউম্যান রাইটস ডিভেন্টার্সের এক বিবৃতিতে গত বৃহস্পতিবার অভিযোগ করা হয়, পুরস্কার প্রদানের সময় যত এগিয়ে আসছে ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনের মাত্রা ততই বাড়ছে। সুশীল সমাজের নেতাদের নিশ্চুপ রাখতেই এটা করা হচ্ছে। পুরস্কার প্রদান উপলক্ষে কোনো অনুষ্ঠান বা উৎসবে যোগ না দেওয়ার জন্যও সতর্ক করে দেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ভিন্নমতাবলম্বীদের ডেকে এই সতর্ক বাতা দিচ্ছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।গত অক্টোবরে নোবেল পুরস্কারজয়ী হিসেবে লিউ সিয়াওবোর নাম ঘোষণা করা হয়। তখন থেকেই চীন এর কঠোর বিরোধিতা করে আসছে। ৫৪ বছর বয়সী লিউকে গত বছরের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেন চীনা আদালত। ২০০৮ সালের ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি মেনিফেস্টো প্রকাশ করার দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। এএফপি।