চীনে ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯১। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৩ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পে এক হাজার ১৭৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬৮৪ জনই শিক্ষার্থী ও শিক্ষক। তা ছাড়া নিখোঁজ ২৪৩ জনের মধ্যেও ৭৩ জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও টেলিগ্রাফের।চীনের পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে বুধবারের এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে প্রদেশের ইউশু কাউন্টিতে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।ভূমিকম্পে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যাপক প্রাণহানির ঘটনায় স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত নিরাপত্তা ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।চীনা প্রেসিডেন্ট হু জিনতাও ভূমিকম্পের ঘটনায় তাঁর ব্রাজিল সফর সংক্ষিপ্ত করেছেন। এ ছাড়া তিনি তাঁর পরিকল্পিত ভেনেজুয়েলা ও পেরু সফর বাতিল করেছেন। তিনি চিংহাই প্রদেশের ভূমিকম্পকে ‘চরম বিপর্যয়’ হিসেবে অভিহিত করে বলেছেন, এতে বিপুলসংখ্যক লোকের প্রাণহানি ঘটেছে।প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, জনগণকে রক্ষা করাই হলো এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কাউকে জীবিত উদ্ধারের বিন্দুমাত্র আশা থাকা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে।তীব্র শীত আর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না। খাদ্য ও পানির সংকটে পড়েছে সেখানকার লোকজন। বসতঘর হারিয়ে তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঝাঝি জুমা নামে ৩২ বছরের এক ব্যক্তি বলেন, ‘কোনো খাবার নেই। তিন দিন ধরে আমরা শুধু পানি পান করে আছি।’ তিনি কর্মকর্তাদের প্রতি দ্রুত ত্রাণ-সহায়তার আহ্বান জানিয়েছেন। এদিকে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় ত্রাণ-সহায়তা না পৌঁছালেও শহরাঞ্চলে ইতিমধ্যে ত্রাণ পৌঁছেছে। দুই বছর আগে ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়। সে সময়ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয় সবচেয়ে বেশি। এতে কয়েক হাজার শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল।চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার তিব্বতের ইয়াসু কাউন্টি ও প্রত্যন্ত এলাকা জেগু পরিদর্শন করেন। তিনি তিব্বতীয়দের উদ্দেশে বক্তৃতায় সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।চিকিৎসকেরা অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেঁচে যাওয়া মানুষ তীব্র শীতের মধ্যে তাঁবুর ভেতরে কোনো রকমে রাত যাপন করছে।জেগুর প্রধান বৌদ্ধমন্দির থেকে ভিক্ষুরা মৃতদেহগুলো যেখানে রাখা হয়েছে সেখানে আসেন। ভিক্ষুদের কেউ কেউ স্থানীয় অভিবাসীদের মৃত স্বজনদের খুঁজতে সাহায্য করেন। শত শত মৃতদেহ একটি জায়গায় ঢেকে রাখা হয়েছে।বৌদ্ধভিক্ষু লপু বলেন, ‘এখানে অনেক মৃতদেহ রয়েছে, যাদের পরিবারের কেউ বেঁচে নেই কিংবা তাদের পরিবারের সদস্যরা খোঁজ নিতে আসেনি।’বৌদ্ধভিক্ষু লপু আরও বলেন, ‘আমরা হাজারখানেক বা তারও বেশি মৃতদেহ পেয়েছি। কিছু মৃতদেহ আমরা নিজেরা নিয়ে এসেছি আর কিছু আমাদের কাছে পাঠানো হয়েছে।’