চীনে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু
চীনে মাঝারি ধরনের ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩৫ জন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে মিয়ানমার সীমান্ত-সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের ইংজিয়াং কাউন্টিতে ৫ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রদেশের ডালি শহরের ২২৫ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠের ৩৪ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎপত্তি হয়।ইংজিয়াং কাউন্টির ভূমিকম্প ত্রাণ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১৩৫ জন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। একটি সুপারমার্কেট ও একটি হোটেল ভবন ভেঙে পড়ে অনেক লোক চাপা পড়েছে। ভূমিকম্পের ফলে ইংজিয়াংয়ের বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী অংশ নিয়েছে। এএফপি।