চীনে ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ভূমিধসকবলিত এলাকায় আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদেরা। এতে উদ্ধারকাজ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে।গত শনিবার গানসু প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে ভূমিধসে ৭০০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। এখনো এক হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ১০ হাজারেরও বেশি সেনা ও উদ্ধারকর্মী এলাকা চষে বেড়াচ্ছেন। কিন্তু তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। কর্তৃপক্ষ এখন ত্রাণকাজের দিকেই বেশি নজর দিচ্ছে। রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই এলাকায় মহামারি প্রতিরোধ বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দূষিত পানির কারণে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে ছয়জন মহামারি প্রতিরোধ বিশেষজ্ঞকে পাঠানো হয়েছে।ঝউকুতে একটি অস্থায়ী ক্লিনিক পরিচালনাকারী ইয়াং লং চায়না ডেইলি পত্রিকাকে বলেন, এর মধ্যে তিনি ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন ব্যক্তি ও শিশুকে চিকিৎসাসেবা দিয়েছেন।শনিবারের ভূমিধসে প্রত্যন্ত ঝউকু কাউন্টির কমপক্ষে তিনটি গ্রাম মাটির সঙ্গে মিশে যায়।উদ্ধারকর্মীদের আশঙ্কা, নতুন করে প্রবল বর্ষণ শুধু উদ্ধারকাজেই বাধার সৃষ্টি করবে না, এতে নতুন করে ভূমিধসও ঘটতে পারে।ঝউকুর উপকণ্ঠে তল্লাশিচৌকিতে কর্তব্যরত একজন পুলিশ বলেন, ‘শিগগিরই ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছি।’চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, শুক্রবার সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে।আবহাওয়া আরও খারাপ হওয়ার আগে দ্রুত কাজ করার জন্য উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। তিনি স্বীকার করেন, এই কাজ অনেক কঠিন হতে পারে।চীনা প্রধানমন্ত্রী বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারকাজের সমস্যার বিষয়টি অবশ্যই পুরোপুরি উপলব্ধি করতে হবে। বিবিসি ও এএফপি।