চীনে মিয়ানমারের শরণার্থীরা মানবিক বিপর্যয়ের মুখে: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চল ছেড়ে চীনে চলে যাওয়া হাজার হাজার মানুষ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবার অভাবে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল মঙ্গলবার এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে।মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য ছেড়ে যাওয়া লোকজনকে চীন জোর করে দেশে ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ। কাচিন রাজ্যের স্থানীয় বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে স্বাক্ষরিত ১৭ বছরের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ গত বছর জুনে শেষ হওয়ার পর থেকে ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেন, শরণার্থীদের জন্য সরবরাহ অপর্যাপ্ত বলে ত্রাণকর্মী ও শরণার্থীরা জানিয়েছেন। এতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পরিত্যক্ত গুদামের মতো জায়গায় শরণার্থীদের গাদাগাদি করে রাখা হচ্ছে। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, কাচিন থেকে চীনে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিকের জন্য ত্রাণ সরবরাহ অপর্যাপ্ত। কাচিন থেকে এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষ আশ্রয়ের আশায় চীনে প্রবেশ করেছে। এ শরণার্থীদের বেশির ভাগই বর্তমানে চীনের ইউনান প্রদেশে অবস্থান করছে। তবে তাদের জন্য চীন এখনো কোনো ত্রাণ সরবরাহ করেনি। শরণার্থীরা তাই স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থার ত্রাণ সরবরাহের ওপর নির্ভর করছে। এ ছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থাসহ মানবতাবাদী কয়েকটি সংগঠনকে চীনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শতাধিক শরণার্থী, ত্রাণকর্মী ও সংশ্লিষ্ট অন্যান্যের বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি এইচআরডব্লিউর প্রতিবেদনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রকাশ করা হয়। কাচিন রাজ্য থেকে চীনের ইউনান প্রদেশে শরণার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও এইচআরডব্লিউ জানায়, অন্তত ৩০০ শরণার্থীকে মিয়ানমারে ফিরে যেতে বলা হয়েছে। এদিকে, ইতিমধ্যে চীনে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের অযৌক্তিকভাবে মাদক-পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হচ্ছে এবং অনেককে ‘পুনর্বাসন কেন্দ্রে’ পাঠানো হচ্ছে। সেখানে বিনা পারিশ্রমিকে ও ‘অমানবিক’ পরিস্থিতিতে ওই শরণার্থীরা কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের অবিরত হয়রানি করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে।এইচআরডব্লিউডির চীন শাখার পরিচালক সোফি রিচার্ডসন বলেন, মিয়ানমারের শরণার্থীদের খাবার ও আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠানোর আইনসংগত কোনো কারণ নেই।মিয়ানমারের সংস্কারপন্থী সরকার ও কাচিন রাজ্যের বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা গত নভেম্বর থেকে শুরু হলেও সফল হয়নি। দেশটির ঘনিষ্ঠ মিত্র চীন এ ব্যাপারে সহায়তার উদ্যোগ নিতে পারে। এএফপি ও বিবিসি।