চীনে মেলামিন মেশানো দুধ বিক্রির দায়ে ১৪ জনের কারাদণ্ড
চীনের কয়েকটি আদালত ক্ষতিকর মেলামিন মেশানো দুধ বিক্রির দায়ে দুই জনের যাবজ্জীবনসহ ১৪ জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।২০০৮ সালে মেলামিন মেশানো দুধ খেয়ে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়। প্রায় তিন লাখ লোক অসুস্থ হয়ে পড়ে। মেলামিন শিল্পকারখানায় ব্যবহূত একটি রাসায়নিক পদার্থ। পাতলা বা নিম্নমানের দুধের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা এমনভাবে মেলামিন মেশায়, যাতে আমিষের মাত্রা যাচাইয়ের সময় বিষয়টি সহজে ধরা পড়ে না।ওই ঘটনায় কর্তৃপক্ষ বিপুল পরিমাণ দুধ বাজেয়াপ্ত করে ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে। কিন্তু তা সত্ত্বেও দুধে মেলামিন মেশানোর বিষয়টি ধরা পড়ে।সর্বশেষ কয়েকটি ঘটনায় জানা যায়, চীনের উত্তরাঞ্চলীয় শানজি ও হেবেই প্রদেশে কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে গুঁড়ো দুধে মেলামিন মিশিয়ে বিক্রি করার সময় ধরা পড়েন।চীনে নাইট্রেট মেশানো দুধ খেয়ে এ মাসে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিকল্পিতভাবে এই ভেজাল মেশানো হয় বলে পুলিশের ধারণা। রয়টার্স।