চীনে লালগালিচা অভ্যর্থনা পেলেন প্রেসিডেন্ট বশির
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে লালগালিচা অভ্যর্থনা দিয়েছে চীন। বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং ওয়াশিংটন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা সত্ত্বেও গতকাল বুধবার তাঁকে এভাবে অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট হু জিনতাও।চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে অভ্যর্থনা পর্ব শেষ হওয়ার পর দুই নেতা আলোচনায় বসেন। প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠায় অনেক দেশেইতিনি অনাকাঙ্খিত। প্রেসিডেন্ট বশিরকে লালগালিচা অভ্যর্থনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, ‘আপনি আমাদের অতিথি, অনেক দূর থেকে এসেছেন। আমরা আপনাকে স্বাগত জানাই।’ প্রেসিডেন্ট জিনতাও আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।চীনের প্রেসিডেন্টকে ‘বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন প্রেসিডেন্ট বশির। গত মঙ্গলবার চীনে পৌঁছানোর পর থেকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। পরে দুই নেতা অর্থনৈতিক ও প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতাবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া দুটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সুদানের পশ্চিমাঞ্চলে দারফুর অঞ্চলে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। এএফপি।