চীনে শক্তিশালী ভূমিকম্প নিহত ১৫৬, আহত ৫৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গতকাল শনিবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল আটটার দিকে প্রদেশের লুশান কাউন্টিতে ভূমিকম্প আঘাত হানে। প্রাদেশিক রাজধানী চেংদু এবং কয়েক শ কিলোমিটারের দূরবর্তী চোংকিং মেগাসিটিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই আতঙ্কগ্রস্ত লোকজন ভবন থেকে রাস্তায় নেমে আসে। এ সময় অনেককে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।চীনের সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, পার্বত্য এলাকায় ভূমিকম্প আঘাত হানার আট ঘণ্টা পর প্রাণহানির সংখ্যা অন্তত ১৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, রাস্তার ওপরে অনেক ভবন ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।সিনহুয়া জানায়, ভূমিকম্পেরর পর দুর্গত এলাকায় ত্রাণতৎপরতা চালানোর জন্য প্রায় ছয় হাজার সেনা ও পুলিশ সদস্যকে সেখানে পাঠানো হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চল চিহ্নিত করতে চালকবিহীন বিমানের (ড্রোন) সাহায্যে ওই এলাকার ছবি তোলা হয়েছে।সিসিটিভি জানায়, উদ্ধার কর্মকর্তারা দুর্গত এলাকার সড়ক থেকে ধ্বংসস্তূপ সরানোর জন্য কাজ করছেন। এ ছাড়া উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে সামরিক বাহিনীর ১৭ জন সদস্যকে বহন করা একটি গাড়ি ঢালু সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে এক এক সেনা নিহত ও সাতজন আহত হন। সিচুয়ান প্রদেশ চীনের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা। এ প্রদেশে ২০০৮ সালে এক ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। এএফপি ও বিবিসি।