চীনে শিশু পাচারকারী দুটি বড় চক্র ভেঙে দিয়েছে পুলিশ
চীনের পুলিশ অভিযান চালিয়ে শিশু পাচারকারী দুটি শক্তিশালী চক্র ভেঙে দিয়েছে। এ ঘটনায় ১৮১টি শিশুও উদ্ধার করেছে তারা। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান।চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, গত সোমবার দেশব্যাপী শিশু পাচারবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন ৮০২ জনকে গ্রেপ্তার করা হয়।চীনে অপহূত হওয়া শিশুর বেশির ভাগই নিঃসন্তান দম্পতিদের কাছে দত্তক দেওয়া হয় কিংবা কারখানার শ্রমিক বা গৃহপরিচারক হিসেবে বিক্রি করা হয়ে থাকে। বিশ্লেষকদের ধারণা, সরকারের এক সন্তাননীতি এবং ঢিলেঢালা দত্তক আইনের কারণেই এ ধরনের সমস্যা দিনে দিনে বাড়ছে। কেউ কেউ মনে করেন, এসব নীতিই চীনে শিশু বেচাকেনার বড় ধরনের গোপন বাজার সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে।গত সোমবারের অভিযানে হেবেই, শানদং, হেনান, সিচুয়ান, ইউনানসহ ১৫টি প্রদেশ ও অঞ্চল থেকে ওই শিশুদের উদ্ধার করা হয়। এ সময় দুটি শক্তিশালী পাচারকারী চক্র ভেঙে দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরে হেনান প্রদেশে চার শিশুকে বিক্রির সময় কয়েকজন পাচারকারী ধরা পড়ে। ওই ঘটনার পরপ্রেক্ষিতে সরকার সোমবার সারা দেশে শিশু পাচারবিরোধী অভিযান চালায়।পুলিশ জানায়, শিশু পাচারের ঘটনায় শানদং প্রদেশের পিংগি কাউন্টি থেকে শাও ঝংইউয়ান নামে ‘তালিকাভুক্ত’ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাচারকারী চক্র গঠনের মাধ্যমে শতাধিক শিশু পাচারের অভিযোগ রয়েছে। বিবিসি।