চীনে শীর্ষ নেতৃত্বে পৌঁছাতে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন নেতাদের নাম দলটির চলতি সম্মেলনেই ঘোষণা করা হবে। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত ব্যক্তিরাই সিপিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদে (পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি) ঠাঁই পাবেন। বিশ্বের সবচেয়ে অনমনীয় ও কর্তৃত্ববাদী এই একদলীয় শাসনব্যবস্থায় নেতৃত্বের শীর্ষে পৌঁছানোর জন্য একজন রাজনীতিককে বহু কাঠখড় পোড়াতে হয়। থাকতে হয় বহুমাত্রিক যোগ্যতা। এমনই কিছু অপরিহার্য যোগ্যতার কয়েকটি তুলে ধরা হলো—অল্প বয়সে শুরু: তরুণ বয়সে সিপিসির কার্যক্রমে যুক্ত হলে নেতৃত্বের শীর্ষে পৌঁছানোর সুযোগ বেশি থাকে। দলটির বিভিন্ন অঙ্গসংগঠনে শিশু-কিশোরদের সংশ্লিষ্ট হওয়ার সুযোগ থাকলেও মূল দলের সদস্যপদ অর্জন করতে হলে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হয়। দলটির সম্ভাব্য নতুন দুই নেতা, শি জিনপিং ও লি কেকিয়াং, উভয়েই ২১ বছর বয়সে রাজনীতি শুরু করেছিলেন। সিপিসির বাইরে তাঁরা অন্য কোনো সংগঠনের পক্ষে কখনো কাজ করেননি। তবে সদস্য সংগ্রহের ব্যাপারে দলটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। যে কেউ চাইলেই সিপিসির সদস্য হতে পারেন না। দুই কোটি ২০ লাখ মানুষ গত বছর দলটির সদস্যপদের জন্য আবেদন করলেও মাত্র ৩০ লাখ আবেদন গৃহীত হয়েছে।দলাদলি: দলের অভ্যন্তরে ব্যক্তিগত দৌড়ঝাঁপ ছাড়া সিপিসির নেতৃত্বের শীর্ষে পৌঁছানোর সুযোগ অত্যন্ত সীমিত। বড় কোনো নেতার অনুগ্রহ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের ক্ষেত্রে গোপনে বিভিন্ন খেলা চলে। শীর্ষ পদে অবস্থানকারী নেতাদের সন্তানেরা এ সময় বাড়তি সুবিধা পেয়ে থাকেন।নৈতিকতা: শীর্ষ নেতা দল ও সরকার পরিচালনার দায়িত্ব পালনে নৈতিক চেতনার অনুসারী হবেন, এমনটাই প্রত্যাশা করা হয়। তিনি সব ধরনের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবেন। কিন্তু তাঁর নেতৃত্ব অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। এতে তাঁর ও গোটা দলের কর্মকাণ্ড জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সংযম: চীনের অর্থনীতি ব্যাপকভাবে বিকশিত হওয়ার পাশাপাশি দেশটিতে দুর্নীতির সুযোগ বেড়েছে। তাই নেতাদের নিজেকে জাহির করার প্রবণতা থেকে সরে এসে যতটুকু সম্ভব সতর্ক হওয়ার বিকল্প নেই। ক্ষমতাসীন দলের নেতাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান শীর্ষ নেতৃত্বও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এ ব্যাপারে জনমনে যথেষ্ট ক্ষোভ রয়েছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও সিপিসি সিদ্ধান্ত নিয়েছে। পুরুষের অগ্রাধিকার: সিপিসির নেতৃত্বে পুরুষদের বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়। দলটির বর্তমান সদস্যদের মধ্যে মাত্র এক-চতুর্থাংশ নারী রয়েছেন। পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে এ পর্যন্ত কোনো নারীকে ঠাঁই দেওয়া হয়নি। তবে ২৪ সদস্যের পলিটব্যুরো কমিটিতে একমাত্র নারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন লিউ ইয়ানদং।দরিদ্র জনসাধারণের সঙ্গে কাজের অভিজ্ঞতা: সাধারণ মানুষ যেসব সংকটের মুখোমুখি হয়, একজন নেতার সেসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেইজিংয়ের বিলাসী জীবনযাপন থেকে দূরে অবস্থান করে সরকারি ও দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাকে একজন নেতার বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হয়। চীনের বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও তিব্বতে পাঁচ বছর কাজ করেছিলেন। এ ছাড়া উদীয়মান নেতা হু চুনহুয়া কাজ করেছেন ইনার মঙ্গোলিয়ায়। প্রয়োজনে নির্মম আচরণ: রাজনৈতিক ব্যবস্থাটাই এমন যে একজন নেতাকে প্রয়োজনে নির্মম হতে হয়। চীনের নেতৃত্বকেও অত্যন্ত কঠোর ও ক্ষমাহীন আচরণ করতে হয়। সিপিসি থেকে কাউকে সরিয়ে দিতে হলে ভবিষ্যতে তাঁর ফেরার সব পথ বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাঁর পরিবারকেও শাস্তি দেওয়া হয়। নিজেদের ভবিষ্যৎ নিষ্কণ্টক রাখতেই নেতারা এ রকম নির্মম আচরণ করে থাকেন। বিবিসি।